চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২টি পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভেঙে নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন ভবন তৈরি করে দেবে বলে জানা গেছে। কারণ সিটি করপোরেশনের জায়গায় গড়ে ওঠা এসব বিদ্যালয় ভবনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমও পরিচালিত হয়।
জানা গেছে, প্রতিটি নতুন ভবন হবে ছয়তলা ফাউন্ডেশনের। তবে আপাতত একতলা পর্যন্ত নির্মাণ করা হবে। আর এতে থাকবে তিনটি করে কক্ষ এবং একটি প্রসাধনকক্ষ (ওয়াশরুম)।
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ নুরুল আলম নিজামী প্রথম আলোকে বলেন, ‘আগামী মাস খানেকের মধ্যে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে। সরকারিভাবে ভবন নির্মাণের পর আমরা আমাদের প্রয়োজন মতো ওপরের দিকে আরও কয়েক তলার নির্মাণকাজ সেরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ এখানে আমাদের উচ্চবিদ্যালয়ের কার্যক্রম চালাতে হবে।’
পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হচ্ছে লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, বলুয়ারদীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কদম মোবারক সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়, জামালখান কসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, বাগমনিরাম সিরাজা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়, পশ্চিম মাদারবাড়ী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, গোসাইলডাঙা কেবিএএইচ দোভাষ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, আলকরণ নূর আহমদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, আলকরণ সুলতান আহমদ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়।
এর মধ্যে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ইতিমধ্যে কদম মোবারক বালক ও বাগমনিরাম সিরাজা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ভবনের শ্রেণীকার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কদম মোবারকের শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে। আর বাগমনিরাম সিরাজা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ক্লাস নেওয়া হচ্ছে শহীদনগর সিটি বালিকা উচ্চবিদ্যালয়ে।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সিটি করপোরেশনের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও বলুয়ারদীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। এখানকার শিক্ষার্থীদের করপোরেশনের কায়সার-নিলুফার কলেজ ভবনে স্থানান্তর করা হবে। কসুম কুমারীর শিক্ষার্থীদের বিদ্যালয় ভবনের ভেতরে আলাদা ভবনে সরিয়ে নেওয়া হবে। গোসাইলডাঙা কেবিএএইচ দোভাষ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়ে গেছে।