১২টি ট্রলারের খোঁজ মিললেও একটি এখনো নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনাসহ উপকূলীয় এলাকায় গতকাল শুক্রবারও দিনভর থেমে থেমে বর্ষণ ও ঝোড়ো হাওয়া হয়। নদনদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট জলস্ফীতির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বরগুনার পাথরঘাটা উপজেলার ১৩টি ট্রলারের মধ্যে ১২টির খোঁজ পাওয়া গেছে। আরেকটি ট্রলার এফবি জান্নাত ১৪ জেলেসহ এখনো নিখোঁজ রয়েছে। পাথরঘাটা মাছধরা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা গতকাল দুপুরে জানান, ১৩টি ট্রলারের মধ্যে ১২টি সুন্দরবনে নিরাপদে আশ্রয় নিয়েছে। সাগর উত্তাল থাকায় এসব ট্রলার ফিরে আসতে পারছে না। তবে এফবি জান্নাত নামের ট্রলারটি ১৪ জন জেলেসহ এখনো নিখোঁজ রয়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক মো. হাফিজুর রহমান গতকাল দুপুরে বলেন, সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।