১২টি মাছ ধরার ট্রলারে ডাকাতি, ১১ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১২টি ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা৷ এসব ট্রলার থেকে জাল, মাছ ও অন্যান্য সরঞ্জামসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে৷
গত রোববার দিবাগত রাতে বরগুনার পাথরঘাটা উপজেলাসংলগ্ন লালদিয়া ও তালতলী উপজেলাসংলগ্ন সখিনা এলাকার বঙ্গোপসাগর মোহনায় এসব ডাকাতির ঘটনা ঘটে৷ অপহৃত ১১ জেলের বাড়ি তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে৷
দস্যুদের হাত থেকে ফিরে আসা কয়েকজন জেলে বলেন, রোববার দিবাগত রাত দুইটার দিকে তালতলীর সখিনা ও পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লালদিয়া ও পক্ষীদিয়ার চরসংলগ্ন এলাকায় প্রায় ২০টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন৷ এ সময় সুন্দরবনকেন্দ্রিক ২০-২৫ জন জলদস্যু অস্ত্রশস্ত্র নিয়ে এসব ট্রলারে হামলা চালায়৷ দস্যুরা একে একে সেখানকার ১২টি ট্রলারের জেলেদের মারধর করে লুটপাট চালায়৷ প্রায় চার ঘণ্টা লুটপাট শেষে গতকাল সোমবার সকাল ছয়টার দিকে নামবিহীন একটি ট্রলারসহ ১১ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়৷
অপহৃত জেলেদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে৷ তাঁরা হলেন শহিদুল ইসলাম (৩০), ছগির হোসেন (২৮), ফজলু মাঝি (৪৮), হালিম মাঝি (৪৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), শহিদুল হক (৩০), বেলাল হোসেন (২৫), ইউসুফ আলী (৩২), নুরুল হক (৪৫) ও বারেক ঘরামী (৪০)৷ তাঁদের বাড়ি তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া ও জয়ালভাঙা গ্রামে৷ লুণ্ঠনের শিকার ট্রলারগুলোর মধ্যে রয়েছে এফবি মায়ের দোয়া, এফবি হাওলাদার, এফবি জাকিয়া ও এফবি আল্লাহর রহমত৷ অন্যগুলোর নাম জানা যায়নি৷
ফিরে আসা তেঁতুলবাড়িয়া গ্রামের জেলে মারুফ ফকির গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দস্যুরা ১১ জেলেকে ধরে নিয়ে গেলেও মুক্তিপণ বাবদ তাৎক্ষণিক কোনো অর্থ দাবি করেনি৷
যোগাযোগ করা হরে তালতলীর সখিনা এলাকায় কোস্টগার্ড ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পেটি অফিসার) নজরুল ইসলাম বলেন, গভীর রাত পর্যন্ত তাঁদের টহল দল ওই সব এলাকায় পাহারায় ছিল৷ কিন্তু অধিক রাতে ডাকাতি হওয়ায় তারা ঠিক সময়ে খবর পায়নি৷ ফলে দস্যুদের ধরা সম্ভব হয়নি৷ অপহৃত জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের বিভিন্ন ঘাঁটি ও ক্যাম্পে খবর পাঠানো হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চলছে৷