১২টি সমন্বিত জেলা কার্যালয় খুলছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও ১২টি সমন্বিত জেলা কার্যালয় খুলছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে এসব কার্যালয় উদ্বোধন করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। বর্তমানে দুদকের ২৪টি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে। আগামী মাসে নতুন করে ১২টির উদ্বোধন হলে সমন্বিত জেলা কার্যালয় হবে ৩৬টি।

দুদক জানিয়েছে, দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ১২টি জেলায় নতুন কার্যালয় স্থাপন করা হচ্ছে। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা), পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) ও ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত জেলা কার্যালয়।

আরও পড়ুন

এ বিষয়ে ব্রিফিংয়ে দুদকের সচিব মাহবুব হোসেন বলেন, নতুন কার্যালয় স্থাপনের ফলে দুর্নীতি প্রতিরোধে দুদকের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এ জন্য ১১৩ জন নতুন সহকারী পরিচালক ও ১৩৭ জন উপসহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তা নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এর বাইরেও বিভিন্ন পর্যায়ের নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান।

সর্বশেষ গত ৩০ মার্চ মাদারীপুরে (মাদারীপুর ও শরীয়তপুর) এবং ১ জানুয়ারি কক্সবাজারে (কক্সবাজার ও বান্দরবান জেলা) কার্যালয় উদ্বোধন হয়।