বান্দরবানে ২৫টি ইউপি নির্বাচনে ২৪টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী রয়েছে ১২টি ইউনয়নে। একমাত্র আওয়ামী লীগই সব কটি ইউনিয়নেই প্রার্থী দিয়েছে। গতকাল রোববার ছিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এদিকে কৌশলগত কারণে রুমা সদর ইউনিয়নে জেএসএসের প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে দুটি দলের নেতারা প্রকাশ্যে কিছু বলছেন না।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশিদ বলেন, রুমা সদর ইউপিতে কৌশলগত কারণে বিএনপি থেকে প্রার্থী দেওয়া হয়নি। অন্য সব ইউনিয়নে প্রার্থী দেওয়া হয়েছে।
জেএসএসের জেলা সভাপতি উছোমং মারমা বলেন, বান্দরবান সদর ও থানচিতে দুটি করে, রোয়াংছড়িতে তিনটি, রুমায় চারটি ও লামায় একটি ইউপিতে তাঁদের প্রার্থী রয়েছে। বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জেএসএস কোনো দলের সঙ্গে নির্বাচনে জোট করে না।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, সব কটি ইউনিয়নেই তাঁদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।