১২টির মধ্যে ১১টিই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালী কে এস এস উচ্চবিদ্যালয় জাতীয়করণ করা হয় ১৯৮৮ সালে। সেই থেকে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ শূন্য।
শুধু হাতিয়ার এই বিদ্যালয় নয়, জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলে খ্যাত নোয়াখালী জিলা স্কুলসহ জেলার প্রায় সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ই বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার নয়টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় উপজেলার প্রতিটিতে দুটি করে মোট ১২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে জেলা শহরের নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ছাড়া বাকি ১১টি মাধ্যমিক বিদ্যালয়ই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
এর মধ্যে নোয়াখালী জিলা স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০১১ সালের জুলাই থেকে৷ সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০০৮ সালের ডিসেম্বর এবং সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ২০০১ সালের ফেব্রুয়ারি মাস থেকে৷ সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে।
২০০৬ সালের ১ এপ্রিল থেকে চাটখিল পিজি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ২০০৭ সালের ৭ নভেম্বর থেকে। এ ছাড়া হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৯৯৬ সাল থেকে। বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় ১৯৮১ সালে।
সূত্র আরও জানায়, কোম্পানীগঞ্জের বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০০৭ সাল থেকে। একই বছর থেকে উপজেলার মাকসুদা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটিও শূন্য৷
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক প্রথম আলোকে বলেন, সময়মতো পদোন্নতি না হওয়া ও সরাসরি নিয়োগ না হওয়াই এর অন্যতম কারণ। এর ফলে অনেক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পরিচালনা করতে হয়।