১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সকাল নয়টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কর্মসূচি শুরু হবে। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কবর জিয়ারত করা হবে। সকাল ৯টা ২০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাড়ে নয়টায় প্রশাসনিক ভবন থেকে আয়োজন করা হবে শোভাযাত্রা। সকাল ১০টায় কেন্দ্রীয় শরীরচর্চা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রীতি ভলিবল ও ক্রিকেট ম্যাচ। ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৪ সালের ডিসেম্বরে ১২২ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। প্রতিষ্ঠার সময় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকৌশল অনুষদ হিসেবে ছিল। তখন এখানে যন্ত্রকৌশল, পুরকৌশল এবং তড়িৎকৌশল বিভাগের অধীনে সম্মান ডিগ্রি কোর্স চালু ছিল। ১৯৮৬ সালে এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি) রূপান্তরিত হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।