১২০ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সদর উপজেলার বাহুকা গ্রামে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে পাটগাছ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জের সদর উপজেলার বাহুকা গ্রামে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে পাটগাছ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। তাঁদের কোথাও ফসলসহ জমি ডুবে গেছে। আবার কোথাও চরাঞ্চলের ফসলসহ জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে বলা হয়েছে, জেলার নয়টি উপজেলার মধ্যে গতকাল রোববার পর্যন্ত সাতটি উপজেলায় ১২০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি কার্যালয় ও কৃষকদের অভিযোগ থেকে জানা গেছে, জেলার সদর, শাহাজাদপুর, বেলকুচি, কাজিপুর, চৌহালী, উল্লাপাড়া ও তাড়াশ এই সাতটি উপজেলা এবার বন্যাকবলিত হয়েছে। মোট ৬৭টি ইউনিয়নের ১৫ হাজার ৬০৬ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে প্রায় নয় হাজার হেক্টরের পাট, সাড়ে চার হাজার হেক্টরের বোনাআমন, ৮৬২ হেক্টরের সবজি, ৩৩৩ হেক্টরের আমন বীজতলা, ২৫০ হেক্টরের রোপা আমন, ৮০৫ হেক্টরের আউশ এবং ৩০০ হেক্টর জমিতে কলা, আখসহ অন্যান্য ফসল রয়েছে। বিশেষ করে চরাঞ্চলে এই ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৮৫ হাজার। কাজিপুর, সদর, শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি।

গতকাল সদর উপজেলার বাহুকা এলাকা ঘুরে জানা যায়, ১৪ জুলাই বাহুকা বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানির তোড়ে গতকাল পর্যন্ত এই এলাকার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যায়। বালুঘুঘরি গ্রামের ইয়াকুব আলী বলেন, রাতে বাঁধ ভেঙে যাওয়ার পর পানি এসে তাঁর তিন বিঘা জমির পাট, দুই বিঘা জমির বোনা আমন মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এখন ওই জমিতে ছয় ফুট পানি। অনেক জমির পাট পানির তোড়ে নুয়ে রয়েছে।

কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ‘ধান কাটার পর দেরিতে পাঁচ বিঘা জমিতে পাটের আবাদ করেছিলাম। পানি বাড়ার খবর শুনে মনে করলাম দুই দিন পর পাটগুলো কেটে নেব। কিন্তু তিন দিনের মাথায় পানি বেড়ে পাটগুলো তলিয়ে গেল। পাশেই দুই বিঘা জমি সবজিসহ নদীগর্ভে চলে গেল।’

চৌহালী উপজেলার জুয়েল সরকার বলেন, ‘গত বছর নদীতে বাড়িঘর চলে গেছে। এবার বহু কষ্টে তিন বিঘা জমিতে ঢ্যাঁড়স, চালকুমড়া, শসা, লালশাকের আবাদ করেছিলাম। ফলন ভালো হয়েছিল। বৃষ্টি, ঝোড়ো বাতাস এবং এরপরই শুরু হয় পানি বৃদ্ধি। তিন দিনের মাথায় গাছগুলো গলা পর্যন্ত পানিতে ডুবে যায়। এখন গাছগুলো মরে যাচ্ছে। চিন্তা করছি, অভাবের সংসারে কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব।’

সদরের মেছরা গ্রামের হানিফ উদ্দীন বলেন, ‘পাটের জমিতে এখন পানি গলাসমান। কাটতেও যেমন কষ্ট আবার তাজা অবস্থায় জমিতে থাকলেও শেওলা ধরে নষ্ট হবে। তারপরও কাটার চেষ্টা করছি। কিন্তু শ্রমিক পাচ্ছি না।’

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এক দিনের পানি বৃদ্ধিই তাঁর উপজেলার সিংহভাগ রোপা আমন এবং বোনা আমন, ৮ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। সবকিছুতেই পচন ধরেছে। কারণ, পানি তিন দিনের বেশি স্থায়ী হলেই গাছগুলো মরে যায়। এখন চার দিন চলছে। এ ছাড়া গ্রামাঞ্চলে এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কৃষকদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়াও কঠিন হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, বাঁধ ভাঙা পানিতে কিছুটা ক্ষতি হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরাঞ্চলের দুটি ইউনিয়নে। একদিকে ভাঙনে ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে, অন্যদিকে ফসলগুলো ডুবে রয়েছে। তারপরও কিছু কিছু পাট কাটা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মো. আরশেদ আলী জানান, ‘বন্যার ক্ষতি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছি। কারণ, বন্যার পানি নামতে পারছে না। যে কারণে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের ফসলের ক্ষতির পরিমাণ ১২০ কোটি টাকা নির্ধারণ করা হলেও এর পরিমাণ কিছু বাড়তে পারে। নতুন করে বীজতলা করতেও কৃষকদের যেমন সময় লাগবে, অন্যদিকে কৃষি উপকরণসহ আর্থিক সাহায্যেরও প্রয়োজন হবে। সার্বিক বিষয় উল্লেখ করে প্রায় ৮৫ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে অধিকাংশ কৃষকদের পুনর্বাসন সহায়তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।