১২০ টন জাটকাসহ তিন জাহাজ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জব্দ করা জাটকা গতকাল বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। দুপুর দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামে জব্দ করা জাটকা গতকাল বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। দুপুর দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের সদরঘাট জেটি এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা তিনটি মাছ ধরার জাহাজ থেকে প্রায় ১২০ টন জাটকা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নাজ মঈন, রিলায়েন্স-১ ও সানিয়া-২ নামের মাছ ধরার জাহাজ তিনটিও জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে জাটকাসহ জাহাজগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর অভিযানে নেতৃত্ব দেন। র্যা ব, মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, বন্দর ও কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
আবদুল্লাহ আল মনসুর বলেন, অভিযান চালানোর সময় জাহাজে মালিক, নাবিক কিংবা মাছ শিকারিদের কাউকে পাওয়া যায়নি। সে কারণে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে জাহাজগুলো জব্দ করা হয়েছে। এগুলো নিলামে বিক্রি করে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
জাহাজগুলো থেকে উদ্ধার করা জাটকা গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে জাটকা তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।