১২০ টাকার কর্মচারীতে চার বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবকাঠামোগত দুর্বলতা গত চার বছরেও দূর করেনি সরকার। ট্রাইব্যুনালে জনবল নিয়োগ না হওয়ায় ১২০ টাকার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের দিয়েই কাজ চলছে। কর্মকর্তারা এসেছেন সংযুক্তিতে।
২০১০ সালের ২৫ মার্চ গঠিত ট্রাইব্যুনালের চার বছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। তবে এই দুর্বল অবকাঠামো নিয়েই দুটি ট্রাইব্যুনাল এ পর্যন্ত নয়টি মামলার রায় দিয়েছেন, এর একটি কার্যকর হয়েছে। বিচার চলছে সাতটি মামলার। শিগগিরই যোগ হচ্ছে আরেকটি মামলা।
কাঠামোগত দুর্বলতার জন্য দুবার বড় ধরনের কেলেঙ্কারিতে পড়েছে ট্রাইব্যুনাল। কিন্তু এমন ঘটনার স্থায়ী প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি। বিচার-সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, যত দিন বিচার চলবে, সেটা যেন একটি স্থায়ী বিধিবদ্ধ কাঠামোর মধ্যে চলে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরের কর্মকর্তারা বলছেন, নিয়মিত কাজ সারার মতো লোকবল তাঁদের নেই। দায়িত্ব বণ্টন করা নেই। ফলে একজনকে একাধিক কাজের চাপ নিতে হয়। দুই ট্রাইব্যুনালে ২৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কাজ করেন, যাঁদের দৈনিক বেতন ১২০ টাকা। অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিক হওয়ায় তাঁদের জবাবদিহিও কম। এমনই এক কর্মচারীর বিরুদ্ধে গত বছর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায়ের খসড়া ফাঁসের অভিযোগ ওঠে। প্রতিদিন ট্রাইব্যুনালের দাপ্তরিক কাজ শেষ হওয়ার পর বিকেলে দরজায় তালা লাগানোর কাজটিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের করতে হয়। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত নিরাপত্তাব্যবস্থা নেই। প্রায় এক বছর ধরে চালু হওয়া ট্রাইব্যুনালের ওয়েবসাইটে চলমান মামলাগুলো নিয়ে হালনাগাদ ও পূর্ণাঙ্গ তথ্য নেই। পরিকল্পিতভাবে কোনো গবেষণা সেল গড়ে ওঠেনি, নেই কোনো গ্রন্থাগার বা তথ্য সংরক্ষণের জন্য আর্কাইভ।
রেজিস্ট্রারের দপ্তর জানায়, ২০১২ সালের মাঝামাঝি নাগাদ ট্রাইব্যুনালের জনবলকাঠামোর জন্য কাজ শুরু করে রেজিস্ট্রারের কার্যালয়। ওই বছরের ১৯ জুলাই ট্রাইব্যুনালের জন্য ১১৩ জন কর্মকর্তা-কর্মচারীর একটি জনবলকাঠামোর প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০১২ সালের ৬ ডিসেম্বর ৮৩ পদে নিয়োগের জন্য অনুমোদন দেয় মন্ত্রণালয়। কিন্তু নিয়োগবিধি ও ছাড়পত্র নিয়ে সরকারি কর্মকমিশন, আইন মন্ত্রণালয় ও ট্রাইব্যুনালের ত্রিপক্ষীয় টানাপোড়েনে এখনো এই নিয়োগ সম্পন্ন হয়নি।
রেজিস্ট্রারের কার্যালয় জানায়, সর্বশেষ জটিলতা হয় এমএলএসএস পদে নিয়োগ নিয়ে। প্রাথমিক নিয়োগবিধিতে এই পদে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালে দৈনিক ১২০ টাকা মজুরির ভিত্তিতে যে ২৩ জন কর্মচারী কাজ করছেন, তাঁদের বেশির ভাগের এই যোগ্যতা নেই। এ জন্য নিয়োগবিধি আবার সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। সর্বশেষ গত ২১ জানুয়ারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের খসড়া বিধি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন রেজিস্ট্রার। ট্রাইব্যুনালের কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয় চাইলে এবং জোরালো উদ্যোগ নিলে এসব আমলাতান্ত্রিক জটিলতা দূর করে খুব অল্প সময়ের মধ্যে নিয়োগ চূড়ান্ত করতে পারে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনালের কাঠামোগত দুর্বলতা দূর করতে আমরা দুই-আড়াই বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিয়োগের বিষয়টি এখনো মন্ত্রণালয়ে আটকে আছে।’