১২০ নারী শ্রমিকের আর্তি
‘আমরা গরিব মানুষ। পেডের দায়ে রাস্তায় কাজ করি। গত চাইর মাস ধইরা বেতন পাইতাছি না। কওহাইন আমরার সংসারডা কিবায় চলে। আমরার কি পেড (পেট) নাই? আমরার দুঃখ কেউ দেহে না।’ কথাগুলো গ্রামীণ সড়কের সংস্কারকাজে নিয়োজিত কয়েকজন দুস্থ নারী শ্রমিকের। চার মাস ধরে বেতন না পাওয়ায় তাঁদের এ আক্ষেপ।ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পল্লি কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজে নিয়োজিত নারী শ্রমিকেরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে প্রতিটি পরিবারই নানা কষ্টে দিন কাটাচ্ছে। ওই নারী শ্রমিকদের অনেকেই সুদে টাকা ধার করে সংসার চালাচ্ছেন বলে জানিয়েছেন।নান্দাইল এলজিইডি অফিস জানায়, উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটিতে ১০ জন করে মোট ১২০ জন নারী শ্রমিক গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত রয়েছেন। তাঁদের কাজের মধ্যে রয়েছে সড়কের ভাঙা অংশ ও খানাখন্দগুলো মাটি দিয়ে ভরাট করা। পাঁচ বছরের প্রকল্পের তিন বছরের বেশি সময় পার হয়েছে। এ জন্য তাঁরা প্রতিদিন ৯০ টাকা করে পারিশ্রমিক পান। পারিশ্রমিকের ৬০ ভাগ নগদে পরিশোধ করা হয়। বাকি অর্থ তাঁদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। প্রকল্প শেষে বাকি টাকা একসঙ্গে পেয়ে তাঁরা যেন স্বনির্ভর হতে পারেন—সে জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের সিও (কমিউনিটি অর্গানইজার) মো. শফিকুল ইসলাম বলেন, বরাদ্দ না আসায় নারী শ্রমিকদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ করা যাচ্ছে না। নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, নারী শ্রমিকদের বেতনের কাগজপত্র প্রতি মাসেই জেলা অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে।