খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার ৭০ জন ও মানবিক শাখার ৫০ জন শিক্ষার্থী গত আট মাসেও বিভিন্ন বিষয়ের বই পায়নি। বই না পেয়ে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে জানান, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ জন পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের বই পায়নি। উচ্চতর গণিত বিষয়ের বই পায়নি ৩০ জন। মানবিক বিভাগের ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন কৃষি শিক্ষা, ইতিহাস, ভূগোল বিষয়ের বই পায়নি। এ ছাড়া ৩০ জন পৌরনীতির, ৫০ জন গার্হস্থ্যবিজ্ঞানের ও ১০ জন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের বই পায়নি। এ ছাড়া দুই বিভাগের ৭০ জন শিক্ষার্থী ইসলাম শিক্ষা বিষয়ের বই পায়নি।
প্রধান শিক্ষক বলেন, ‘আমরা বই সংকটের বিষয়টি ১১ এপ্রিল লিখিতভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জানিয়েছি। কিন্তু এখনো বই সরবরাহ করা হয়নি। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা হচ্ছে।’
বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাসান, কোহিনূর আক্তার, আসমা আক্তার ও সোয়েব হাসান জানায়, তারা বিভিন্ন বিষয়ের বই পায়নি। সহপাঠীদের কাছ থেকে বই ধার করে কোনো রকমে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
মানবিক বিভাগের কাকলী চাকমা ও নিশান ত্রিপুরা বলল, তারা ভূগোল, ইতিহাস, পৌরনীতি বিষয়ের বই এখনো পায়নি। দ্রুত বই দেওয়া না হলে পরীক্ষার সময় বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে তাদের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাচিনসনপুর উচ্চবিদ্যালয় থেকে বইয়ের চাহিদাপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তা জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বই পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বই সংকটের বিষয়টি আমি ৯ আগস্ট জেলা প্রশাসক মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি। তিনি দ্রুত বইয়ের চাহিদা জানিয়ে চিঠি দিতে বলেছেন।’ তিনি বলেন, জেলা প্রশাসক বইয়ের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।