১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ছয় কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিরত অবস্থায় মারা যাওয়া ১২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ছয় কোটি টাকা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাকরিরত অবস্থায় মারা গেলে যৌথ বিমা তহবিল থেকে এক লাখ টাকার পরিবর্তে এক লাখ ৭০ হাজার টাকা দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
বর্তমানে চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী মারা গেলে তাঁদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত হলে দুই লাখ টাকা করে দেওয়ার নীতিমালা জারি করা হয় গত বছর। ওই নীতিমালা হওয়ার পর এই প্রথমবারের মতো ১২০ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে এ টাকা দেওয়া হলো।
প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, আওয়ামী লীগ সরকার রাজস্ব খাতে প্রায় সাড়ে চার লাখ পদ সৃষ্টি করেছে ও এক লাখ ১৮ হাজারেরও বেশি পদ স্থায়ী করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।