১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান-বনানী লেকপাড়ে অভিযান চালিয়ে ১২০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ছাড়া ভাড়া দেওয়ার জন্য লেকপাড়ে স্থাপিত চারটি খালি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।গতকাল রোববার বেলা ১১টা থেকে প্রায় ছয় ঘণ্টা এই অভিযান চলে। এতে এক প্লাটুন পুলিশ ও রাজউক নিয়োজিত শ্রমিকেরা অংশ নেন। বুলডোজার ছাড়াও অভিযানে শাবল, হাতুড়ি ব্যবহার করা হয়। অভিযান শুরুর আগে পুলিশ ও শ্রমিকেরা বিভিন্ন অবৈধ স্থাপনার নির্মাণস্থলে গিয়ে সবাইকে সতর্ক করেন।৬ ও ১২ ফেব্রুয়ারিও ওই লেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল রাজউক। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, হাইকোর্টের আদেশের ভিত্তিতে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চলছে এবং এটা চলতে থাকবে।গত ১৭ জানুয়ারি প্রথম আলোয় লেক দখলসংক্রান্ত একটি প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। গত ২৫ জানুয়ারি আদালত লেকের সীমানা নির্ধারণ করে দুই মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।বনানী ১৯/১ নম্বর সড়কের প্রান্তসীমায় একটি মোবাইল ফোন কোম্পানির প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে গতকালের অভিযান শুরু হয়। সেখানে লেকের জায়গায় লাগানো খালি বিলবোর্ড ভাঙার উদ্যোগ নিলে স্থানীয় কিছু তরুণ বাধা দেওয়ার চেষ্টা করেন। সরকারদলীয় স্থানীয় কয়েকজন নেতার নাম করে তাঁরা বলেন, তাঁদের অনুমতি নিয়ে এগুলো বসানো হয়েছে। রাজউকের প্রতিনিধিরা ওই নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানালে তরুণেরা চলে যান।পরে রাজউক চারটি বিলবোর্ড ভাঙে। তবে বিদ্যুৎ সংযোগের বড় আকৃতির দুটি বিলবোর্ড সরানো যায়নি। অভিযানে নিযুক্ত রাজউকের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেছেন, শিগগিরই সেগুলো উচ্ছেদ করা হবে।কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৮ নম্বর সড়কের লেকপাড়ের ৫০টির মতো বস্তিঘর উচ্ছেদ করতে গেলে নারী-শিশুরা চিৎকার করে কাঁদতে শুরু করে। কয়েকজন বস্তিবাসী জানান, এসব ঘর অবৈধ বলে জানতেন না তাঁরা। নিয়মিত ভাড়া দিয়ে তাঁরা বসবাস করছেন। অভিযানকারী দল তাঁদের মালামাল সরানোর জন্য সময় দিলে কেউ কেউ ঘরের টিন ও বেড়াও খুলে নেন। একইভাবে বাড্ডা সংযোগ সড়ক এলাকায় ৫৫টি বস্তিঘর ও কয়েকটি সীমানা দেয়াল ভাঙা হয়।অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, গুলশান লেক উন্নয়ন প্রকল্পের পরিচালক সাজেদুর রহমান, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির মজুমদার প্রমুখ অংশ নেন।