১২০০ কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে গত তিন দিনে এক হাজার ২০০ কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। সমুদ্রের পরিবেশ রক্ষার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধি করতে পরিবেশ অধিদপ্তরের সিবিএইসিএ প্রকল্পের আওতায় হ্যাচারিতে বাচ্চা ফুটিয়ে তা সাগরে ছেড়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সাল থেকে সোনাদিয়া দ্বীপে হ্যাচারির মাধ্যমে কাছিমের বাচ্চা ফোটানোর কাজ শুরু হয়। উপকূলীয় এলাকা থেকে কাছিমের ডিম সংগ্রহ করে হ্যাচারিতে নেওয়া হয়। ৬০ দিন পর বাচ্চা ফোটার পর তা সাগরে অবমুক্ত করা হয়। পরিবেশ অধিদপ্তরের সিবিএইসিএ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশন ও নেকম এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সুখী বাংলা ফাউন্ডেশনের জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম জানান, গত ছয় বছরে প্রায় ৬০ হাজার কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। গত তিন দিনে সোনাদিয়া থেকে এক হাজার ২০০ কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়।