জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ বলেছে, ঝাড়ুয়ার বিলে এক হাজার ২০০ জনকে হত্যার সঙ্গে আজহারুল জড়িত ছিলেন। রাষ্ট্রপক্ষের একাধিক সাক্ষী তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ তৃতীয় ও চতুর্থ অভিযোগের বিষয়ে যুক্তি দেয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল এই দুটি অভিযোগের পক্ষে সাক্ষীদের জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ তুলে ধরেন। আজহারুল এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আজহারুলের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ হলো, একাত্তরের ১৭ এপ্রিল আজহারুল ও তাঁর সহযোগীরা এবং পাকিস্তানি সেনারা কৌশলে রংপুরের বদরগঞ্জের গ্রামগুলো চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর সেনারা নির্বিচারে গুলি করে ঝাড়ুয়ার বিলে প্রায় এক হাজার ২০০ মানুষকে হত্যা করে। চতুর্থ অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ৩০ এপ্রিল রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক কালাচান রায়, সুনীল বরণ চক্রবর্তী, রামকৃষ্ণ অধিকারী, চিত্তরঞ্জন রায় ও কালাচান রায়ের স্ত্রী মঞ্জুশ্রী রায়কে বাসা থেকে অপহরণের পর দমদমা সেতুর কাছে নিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় আজহারুলের সংশ্লিষ্টতা রয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেছের উদ্দিন ঝাড়ুয়ার বিল হত্যাকাণ্ডের ওই দিন সাদা শার্ট ও প্যান্ট পরা আজহারুলকে পাকিস্তানি সেনাদের সঙ্গে দেখেছেন। রাষ্ট্রপক্ষের অন্য সাক্ষীদের সাক্ষ্যেও তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে।
পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৪ আগস্ট (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১২ নভেম্বর আজহারুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়। ২৬ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৯ জন, আসামিপক্ষে একজন। ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ জমা: একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গতকাল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। ২৪ আগস্ট এই অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গত ২৯ জুন রাষ্ট্রপক্ষকে হস্তান্তর করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আটক ও নির্যাতনের ছয়টি অভিযোগ রয়েছে। গত ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-১ হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।