১২০০ প্রাথমিক শিক্ষক বেতন পাচ্ছেন না তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর সরকারি হওয়া নোয়াখালীর নয়টি উপজেলার বিভিন্ন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার ২০০ শিক্ষক তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। একই সঙ্গে তাঁরা পাননি সম্প্রতি সরকারঘোষিত ১০ শতাংশ মহার্ঘ ভাতাও। ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন শিক্ষকেরা।
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তাঁরা সর্বশেষ বেতন-ভাতা পান। এরপর তিন মাস পার হলেও উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের বেতন-ভাতা দেওয়া হয়নি। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বেতনের বরাদ্দ অনুমোদন হয়ে না আসায় বেতন দেওয়া যাচ্ছে না।
শিক্ষকেরা জানান, শুধু মাসিক বেতন-ভাতাই নয়, সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকার ঘোষিত ১০ শতাংশ মহার্ঘ ভাতা অন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারী পেলেও নতুন সরকারি হওয়া শিক্ষকেরা তা পাননি। এমনকি এই ভাতা তাঁরা পাবেন কি না, তা-ও অদ্যাবধি জানাতে পারেনি স্থানীয় শিক্ষা বিভাগ।
সেনবাগ উপজেলার সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক সাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে জানান, তিন মাস ধরে বেতন-ভাতা না পেয়ে তাঁরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। কবে নাগাদ বেতন পাবেন, সে তথ্যও দিতে পারছেন না স্থানীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের লোকজন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি হওয়া এসব বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ২০০ শিক্ষকের বেতনের বরাদ্দ শিক্ষা মন্ত্রণালয় থেকে না আসায় উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তার কার্যালয় তাঁদের বেতনের বিল করতে পারছে না। তবে এ মাসের মধ্যে এ সমস্যার সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।
জানতে চাইলে তিন মাস ধরে শিক্ষকেরা বেতন না পাওয়ার কথা নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. আনোয়ার হোসেন সিদ্দিকী। প্রথম আলোকে তিনি জানান, শিক্ষকদের বেতন-ভাতার বরাদ্দ মন্ত্রণালয় অনুমোদন করার পর মহাপরিচালকের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু এ-সংক্রান্ত কোনো চিঠি না আসায় শিক্ষকেরা বেতন পাচ্ছেন না।