দেশে নিবন্ধিত এক হাজার ২০০টি সিনেমা হলের মধ্যে ৭৫০টি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি জানান, সিনেমা হলমালিকেরা কম মুনাফার এ ব্যবসা ছেড়ে এখন অন্য লাভজনক ব্যবসার দিকে ঝুঁকে পড়েছেন। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা জানান। বেলা ১১টার দিকে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সিনেমা হলগুলোর সার্বিক পরিবেশ, জোট সরকারের আমলে অশ্লীল চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা ও আকাশ সংস্কৃতির বিস্তারে টেলিভিশনে ছবি দেখার সুযোগ সৃষ্টি হওয়ায় দর্শকেরা সিনেমা হলবিমুখ হয়েছে। বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তিনি জানান, বিটিভিতে পরিবেশিত সংবাদের বস্তুনিষ্ঠতা সম্পর্কে জনমনে কোনো প্রশ্ন নেই। বিটিভির সংবাদ সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বাভাবিক কারণেই বস্তুনিষ্ঠ। কারণ, বিটিভিকে প্রতিটি অনুষ্ঠানের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়।৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি: মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক জানান, বর্তমানে সারা দেশে চাহিদার তুলনায় প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের ঘাটতি রয়েছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, নেটওয়ার্কভুক্ত গ্রাহকদের প্রয়োজনীয় গ্যাস সরবরাহ বজায় রাখার জন্য ২০০৯ সালের ২১ জুলাই থেকে সরকার গ্যাসসংযোগে নিষেধাজ্ঞা জারি করে। গ্যাসের উৎপাদন দৈনিক দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুট না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অপু উকিলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন আট থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। এই গ্যাসক্ষেত্রে আরও একটি কূপ খনন করা হবে। বিএনপির আবুল খায়ের ভূঁইয়ার প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। তবে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে কয়েকটি কেন্দ্র উৎপাদনে এলে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।