প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে রানা প্লাজা ধসে নিহত তৈরি পোশাকশ্রমিকদের ১২১টি পরিবারকে গতকাল বুধবার আর্থিক সহায়তার চেক দিয়েছেন। চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী গত ২৪ এপ্রিল ওই ভবনধসে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ মে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে নিহত শ্রমিকদের ১০০ জনের পরিবারের ১১৬ সদস্যের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের আগে সাভারে ভবনধসের ঘটনায় নিহতদের জন্য নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ এক কোটি টাকার অনুদান দেন। তাঁদের পক্ষে নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ওই টাকার চেক দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উন্নয়ন-সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা উপস্থাপন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলস প্রধানমন্ত্রীকে বাংলাদেশ বিমানের উন্নয়নকল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন। বাসস।