চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, তার স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশনে সদস্যরা এই প্রশ্ন তোলেন। একই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ অর্থবছরের জন্য ১২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম এই বাজেট পেশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে বিকেলে এই অধিবেশন হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্য দেন সাংসদ মঈন উদ্দীন খান, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন আকবর, সিনেট সদস্য গোলাম কিবরিয়া ভূঁইয়া, ইমরান হোসেন, সিদ্দিক আহমদ চৌধুরী, মনজুরুল আমিন চৌধুরী, দানেশ মিঞা প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছয়টি বিভাগে ২৭টি বিজ্ঞাপিত পদের বিপরীতে ৪৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ নিয়োগে অপেক্ষাকৃত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে তখন সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছিল। এদিকে, সিনেটের বার্ষিক অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের মোট বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাদ্দ দিয়েছে ১০৮ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা। এবারের বাজেটে ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ১৪০ কোটি ৭৫ লাখ টাকা। বাজেট প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দে আমাদের বিশেষ কোনো স্বাধীনতা থাকে না। তবু আমরা চেয়েছি প্রতিটি খাতে যতটুকু সম্ভব বেশি বরাদ্দ দিতে।’ বাজেটে উল্লেখযোগ্য খাতগুলো হলো: শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে ৮১ কোটি ১০ লাখ টাকা, পেনশন খাতে ১৭ কোটি টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ১২ কোটি ৪০ লাখ টাকা, শিক্ষা খাতে নয় কোটি ৬৪ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে এক কোটি ৭০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি (সম্পদ সংগ্রহ ও ক্রয়) খাতে ৯১ লাখ টাকা।