১২২ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রীদের জমজমাট আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিচারণা, কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন তাঁরা। কথা বলার সময় আবেগে আপ্লুত হন। নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী।
বিদ্যালয়ের ১২২ বছর পূর্তি উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার তাঁরা একত্র হন। বিদ্যালয় প্রাঙ্গণে বসে এই মিলনমেলা।
ঢাকা থেকে আসা নিলুফার রাহাত আফজা (৭৫) বলেন, ‘১৯৫৭ সালে এই বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করি। ৫৭ বছর পরে আবার এই বিদ্যালয়ে আসতে পেরে কী যে আনন্দ তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে এসে আমাদের ব্যাচের মাত্র একজন সহপাঠীকে খুঁজে পেয়েছি। এই দিনে তাদের সঙ্গে দেখা হবে, সেই স্বপ্ন ও আশা নিয়ে আজ এখানে ছুটে এসেছি।’
১৯৯০ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন রেশমা আক্তার। তিনি বলেন, ‘আমার মেয়েও এই বিদ্যালয়ে পড়ছে। এই অনুষ্ঠানে এসে আমি আমার অনেক বান্ধবীকে খুঁজে পেয়েছি।’
উৎসবে গতকাল প্রায় দুই হাজার প্রাক্তন ছাত্রী উপস্থিত হন। শুরুতে সকাল ১০টায় জেলা প্রশাসক সাইফুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। এর আগে শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। এই সময় সাবেক সাংসদ মমতাজ বেগম, সাবেক প্রধান শিক্ষক হাছিনা বেগম, মিয়া মো. হানিফ, সাবেক শিক্ষক খালেদা খানম, ১২২ বছর অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি তহুরা খানম, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, মুন্সিগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, আইনজীবী আফরোজা ফিরোজ, কৃষি ব্যাংক কর্মকর্তা মাধুরী দীক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মো. শরিফুল হাসান জানান, বারবার উদ্যোগ নেওয়ার পরেও শতবর্ষ উদ্যাপন করা যাচ্ছিল না। অনেক চেষ্টার পর আজ শতবর্ষ উদ্যাপন ও ১২২ বছর পূর্তি উৎসব একসঙ্গে আয়োজন করা হয়েছে।
বিদ্যালয় থেকে জানা গেছে, ১৮৯২ সালে মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে দুই হাজার ছাত্রী ও ৪০ জন শিক্ষক আছেন।