১২২ বছর বয়সে ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেকজান বেওয়া।
আলেকজান বেওয়া।

জীবনে কখনো ভোট দেননি তিনি।শেষবেলায় এসে এবার তাঁর ছবিসহ জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দেওয়ার ইচ্ছে হয়েছে।এই ইচ্ছে পূরণে গত শনিবার ভোটার হওয়ার সুযোগও পেয়েছেন আলেকজান বেওয়া।

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুত্সা ইউনিয়নের খামার গ্রামের এই শতবর্ষী বাসিন্দা। ভোটার তালিকা হালনাগাদ শুরু হওয়ায় ভোটার হওয়ার সুযোগ পান এই বৃদ্ধা। এর আগে আলেকজান কখনো ভোট দেননি বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। ৩০ বছর আগে আলেকজান বেওয়ার স্বামী তাজোমুদ্দিন মারা যান। বড় ছেলে আকবর আলীও দুই বছর আগে ৫৪ বছর বয়সে মারা গেছেন। সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে এখন স্বামীর ভিটায় বাস করছেন আলেকজান।

প্রথম আলোকে দেওয়া আলেকজানের ভাষ্য, এবার তিনি ভোট দেওয়ার জন্যই ভোটার হয়েছেন। তাঁর বয়স কত তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। তবে তিনি বলেন, তাঁর বয়স ১২০-এর বেশি হবে। 

আলেকজান বেওয়ার নাতির ছেলে আনোয়ার হোসেনের দাবি, আলেকজান জীবনে কখনো ভোট দেননি। এভাবে ১২১ বছর পার করেছেন। শেষ সময়ে এসে ভোটার হওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে তাঁর। নতুন প্রজন্মের ঘনিষ্ঠজনদের উত্সাহে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ নিয়ে এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। তালিকাভুক্ত হওয়ার পর গত শনিবার ছেলের বউয়ের সঙ্গে রিকশাভ্যানে করে তিন কিলোমিটার দূরে গিয়ে ছবিও তুলেছেন তিনি।

হামিরকুত্সা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদের ভাষ্য, আলেকজানের কাছ থেকে বিভিন্ন ঘটনা শুনে এবং তাঁর স্বজনদের কাছ থেকে বয়স-সংক্রান্ত তথ্য জানার পর তাঁকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। সনদে তাঁর জন্ম সাল ১৮৯২ লেখা হয়েছে। এর আগে আলেকজান কখনো ভোট দেননি বলে তিনি শুনেছেন। আলেকজান তাঁর এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ বলেও জানান তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার ভাষ্য, জন্মসনদ পাওয়ার পর আলেকজান বেওয়াকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, আলেকজান ছবিসহ নতুন ভোটার তালিকা হওয়ার আগে ভোটার ছিলেন।

আলেকজান বেওয়ার স্বজনদের ভাষ্য, তাঁর অসুখ-বিসুখ খুব কম হয়। এখন পর্যন্ত জটিল কোনো রোগে আক্রান্ত হননি। তবে কয়েক বছর আগে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। কথাবার্তাও বলতে পারেন। অন্যের সহযোগিতা ছাড়াই এখনো স্বাভাবিক চলাফেরা করতে পারেন।