বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এক হাজার ২২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতাসংক্রান্ত রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।গত মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। এর প্রতিবাদে গতকাল বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জোট আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশ থেকে আজ বৃহস্পতিবার এবং ঈদের ছুটির পর ১১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফতাব আহমেদের সময় এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দিয়ে ওই নিয়োগ বৈধ ঘোষণা করেন।তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্ট পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে এ রায় দেন।