মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১ হাজার ২২২ জনের একটি তালিকা নীতিগতভাবে অনুমোদন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে ১৯৭২ সালে প্রকাশিত ১ হাজার ৭০ জন এবং ডাকটিকিটে ডাক বিভাগের বিভিন্ন সময়ে প্রকাশ করা ১৫২ জন বুদ্ধিজীবীর নাম রয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত যাচাই-বাছাই কমিটি রোববার ওই তালিকার নীতিগত অনুমোদন দেয়। রোববার ছিল ওই কমিটির প্রথম বৈঠক ছিল। আরও যাচাই–বাছাইয়ের পর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ওই কমিটির সদস্য। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের কাজটি এক বছরের মধ্যে শেষ করা হবে। ২৫ মার্চ থেকে শুরু করে ৩১ জানুয়ারি পর্যন্ত সময়কাল ধরে বুদ্ধিজীবীদের তালিকা করা হবে। বাংলাদেশ ডকুমেন্ট, বাংলা একাডেমির বুদ্ধিজীবী কোষ, বাংলাপিডিয়া, ডাক বিভাগ ছাড়াও এর বাইরে আরও তালিকা আছে। ফলে তালিকা অনেক বড় হবে।
কমিটির বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুর সময় থেকে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার প্রক্রিয়া শুরু হয়, ডাক বিভাগ ডাকটিকিট প্রকাশ করেছে, আরও কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে তালিকা হয়েছে। কিছু বেসরকারি উদ্যোগেও গবেষণা হয়েছে, সব কটি আমাদের সংগ্রহে আনতে হবে। সরকারি তালিকা মন্ত্রণালয়ে আছে, বেসরকারি পর্যায়ে অনেকগুলো কাজ হয়েছে, সেই তালিকাগুলো হাতে পেতে হবে।’