১২৩২ মেগাওয়াটের আট বিদ্যুৎ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ২৩২ মেগাওয়াটের আটটি বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে তিনটি বড় প্রকল্প, আর বাকি পাঁচটি ছোট আকারের কুইক রেন্টাল প্রকল্প।গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অনুমোদিত তিনটি প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮৯২ মেগাওয়াট। আর বাকি ৩৪০ মেগাওয়াট উৎপাদিত হবে অন্য পাঁচটি থেকে।বড় প্রকল্প তিনটি বাস্তবায়িত হবে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) হিসেবে এবং তিনটিই ২২ বছর মেয়াদি। এর মধ্যে সবচেয়ে বড়টি হলো গ্যাসভিত্তিক প্রকল্প বিবিয়ানা-২। উৎপাদনক্ষমতা ৩৪১ মেগাওয়াট। দ্বিতীয় সর্বোচ্চ বড়টি মেঘনাঘাট। এর উৎপাদনক্ষমতা ৩৩৫ মেগাওয়াট। এটি একটি ডুয়েল ফুয়েল প্রকল্প। দুই প্রকল্পই বাস্তবায়ন করবে যৌথভাবে সামিট ও জিই এনার্জি। এ ছাড়া রানহিল-এসটিএস যৌথভাবে বাস্তবায়ন করবে আরেকটি প্রকল্প। এর উৎপাদন ক্ষমতা ২১৬ দশমিক ৮০ মেগাওয়াট।কুইক রেন্টাল পাওয়ারের মধ্যে রয়েছে ৪৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জে গ্যাসভিত্তিক একটি প্রকল্প। এর মেয়াদ চার বছর। কাজ পেয়েছে ইকিউ ক্যাপিটাল এনার্জি। মেঘনাঘাটে ডুয়েল ফুয়েলভিত্তিক তিন বছর মেয়াদি প্রকল্পের কাজ পেয়েছে এপিআর এনার্জি লিমিটেড। এর উৎপাদনক্ষমতা ৫০ মেগাওয়াট। নরসিংদীর ঘোড়াশালে রয়েছে ৯৯ মেগাওয়াটের গ্যাসভিত্তিক প্রকল্প। কাজ পেয়েছে উইন্টারা আইএনসি। চাঁদপুর, বরিশাল বা দেশের অন্য যেকোনো স্থানে প্রকল্প স্থাপন করবে—এমন শর্তে পাঁচ বছর মেয়াদে কাজ দেওয়া হয়েছে ক্যামব্রিজ এনার্জি ওয়েস্ট ম্যানেজমেন্ট নামক একটি প্রতিষ্ঠানকে। আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এটি পেয়েছে ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেড।