১২৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, ২৯ জনের বিরুদ্ধে গঠন
নেত্রকোনায় ১৬ রাইফেল ও খাগড়াছড়িতে ৩০ রাইফেল ব্যাটালিয়নের ১২৪ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে গতকাল রোববার অভিযোগ উত্থাপন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়া দিনাজপুরে সেক্টর সদর দপ্তর ও ২ রাইফেল ব্যাটালিয়নের মোট ৭০ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে দুটি মামলার শুনানি হয়। আগামী ১৭ জানুয়ারি ২ রাইফেল ব্যাটালিয়ন এবং ১ ফেব্রুয়ারি দিনাজপুর সেক্টরের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর—খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫তে সকাল ১০টায় ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের মামলার বিচারকাজ শুরু হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ৩০ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার (সিগন্যাল) হযরত আলী। বিশেষ আদালতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কর্নেল জাহেদুর রহমান। অভিযোগে বলা হয়, ঢাকায় পিলখানা বিদ্রোহের সমর্থনে গত বছরের ফেব্রুয়ারিতে আসামিরা অস্ত্রাগার ভেঙে অস্ত্র নেয়, ব্যাটালিয়ন সদর দপ্তরের চার পাশে লাল পতাকা উড়িয়ে সাধারণ জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করে, যা বিডিআর আইনে শাস্তিযোগ্য অপরাধ। আসামিদের মধ্যে নায়েক সুবেদার তিনজন, হাবিলদার ১৭ জন, নায়েক নয়জন, ল্যান্স নায়েক সাতজন ও সেপাই ৩৫ জন রয়েছেন। আসামিদের মধ্যে ৪৮ জন জেলহাজতে আছেন। এঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর এবং বাকি ২৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।নেত্রকোনা: নেত্রকোনা ১৬ রাইফেল ব্যাটালিয়নের ৫৩ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সমর্থনে নেত্রকোনা ১৬ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ হয়। এর নেতৃত্ব দেন ডিএডি মো. লুৎফুর রহমান। তদন্ত কর্মকর্তা বিদ্রোহের বিস্তারিত বর্ণনা দেন। তাঁর বক্তব্য শুনে বিশেষ আদালতের বিচারক কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার আগামী ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া: বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সকাল নয়টায় ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে বিশেষ আদালত-১৪তে বিচারকাজ শুরু হয়। চার সদস্যের বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ। অভিযুক্ত ২৯ জনের মধ্যে ২৭ জন দোষ স্বীকার করেন। দুজন নিজেদের নির্দোষ দাবি করেন। আজ সকাল সাড়ে আটটায় আদালত আবার বসবে। গতকাল শুনানি শেষে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ্ মো. গোলাম আম্বিয়া সংবাদ ব্রিফিং করেন। গত ১৩ অক্টোবর এই মামলার বিচারকাজ শুরু হয়।দিনাজপুর: সকাল ১০টায় দিনাজপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত-১৩তে বিচারকাজ শুরু হয়। আদালতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহমাদ। প্রথমে বিদ্রোহের মামলায় দিনাজপুর সেক্টরের ১৩ জন সদস্যের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। শুনানি শেষে আদালত আগামী ১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি এবং অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এর পর বেলা সোয়া ১১টায় একই আদালতে বিদ্রোহের অন্য মামলায় দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আদালত এই মামলায় আগামী ১৭ জানুয়ারি আসামিদের বিরূদ্ধে অভিযোগ গঠন ও পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বিচারকাজ শেষে আসামিদের দিনাজপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বিচার শুরুর অনেক আগে থেকেই গ্রেপ্তার বিডিআর সদস্যদের পরিবার-পরিজনেরা উপস্থিত থাকলেও কাউকে আসামিদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।