১২৪ বছরের মুদ্রণযন্ত্র ও একটি পরিবার

বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে প্রতিদিনই। প্রযুক্তির এই এগিয়ে যাওয়ার গতি এতই দ্রুত যে কখনো কখনো আগের দিন ব্যবহার করা আধুনিক কোনো যন্ত্রের সর্বশেষ সংস্করণ পাওয়া যাচ্ছে পরদিনই! তাই এখন শত বছরের পুরোনো কোনো যন্ত্র ব্যবহারের কথা শুনলে কল্পনা মনে হয়।
তবে বাস্তবতা হলো, ১২৪ বছরের পুরোনো যন্ত্র দিয়ে এখনো মুদ্রণের কাজ করছে কুড়িগ্রামের একটি পরিবার। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ কার্যালয়ের পাশের সড়কের ধারেই ভান্ডারী প্রিন্টিং প্রেসে রয়েছে এই মুদ্রণ যন্ত্রটি। এটি চালাচ্ছেন গোলাম মোস্তফা ও তাঁর পরিবার।
বাবার রেখে যাওয়া এ মুদ্রণযন্ত্রটি এখন মোস্তফার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। তবে নতুন প্রযুক্তির সঙ্গে লড়াই করে টিকতে পারছে না এটি। মোস্তফা বলেন, ‘সবাই এখন ডিজিটালের দিকে ঝুঁকছে। তবু আমি ঐতিহ্য আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি।’
মোস্তফা জানালেন, তাঁর বাবা প্রয়াত জয়নাল আবেদীন ভান্ডারীর জন্ম পশ্চিমবঙ্গের কোচবিহারে ১৮৯৮ সালে। পরে ভূরুঙ্গামারী এসে বসতি স্থাপন করেন। লেখালেখি করতেন। নিজের লেখা প্রকাশের কোনো মাধ্যম না পেয়ে তিনি নিজেই একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ১৯৫৮ সালে তখনকার ১০ হাজার টাকায় কিনে নেন ব্রিটিশ কোম্পানি হপকিনসন অ্যান্ড কোপের ১৮৯০ সালে তৈরি এই মুদ্রণযন্ত্রটি। মোস্তফার দাবি, এ ছাপাখানা থেকেই বার্তাবহ নামে মাসিক সাময়িকী বের করতেন তাঁর বাবা। স্বাধীনতাযুদ্ধের আগে পর্যন্ত নিয়মিতই সেটি প্রকাশিত হতো। ১৯৭১ সালে তাঁর বাবাকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক জেনে পাকিস্তানি বাহিনী ছাপাখানাটির ব্যাপক ক্ষতি করে। পরে সাময়িকীর প্রকাশনাও বন্ধ হয়ে যায়।
মোস্তফার সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছেলেটি রংপুর কারমাইকেল কলেজে পড়ে। আর মেয়েটি পড়ে ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজে। মোস্তফা বলেন, ‘তারা কলেজে পড়াশোনা করছে। কষ্ট করে পড়াচ্ছি। তবু এলাকার মানুষের সহযোগিতায় ছাপাখানাটি টিকিয়ে রাখার চেষ্টা করছি।’ কাজ সম্পর্কে মোস্তফা বলেন, ‘এখানে মূলত সিনেমার টিকিট, হাটের রশিদ, হালখাতার চিঠি, স্কুলের চাঁদা আদায়ের রশিদ ও ধর্মসভার পোস্টার ছাপানোসহ বিভিন্ন কাজ করা হয়। আশপাশে একাধিক ছাপাখানায় কম্পিউটারে, ডিজিটাল যন্ত্রে পোস্টার, ব্যানারসহ বিভিন্ন কাজ করা হলেও কেউ কেউ এখনো এ ছাপাখানায় আসেন।’ মোস্তফার স্ত্রী হেলেনা খাতুনও কাজ করেন এখানে। হেলেনা বলেন, ‘২৫ বছর কাজ করছি। আগে বেশ আয় হতো। কিন্তু এখন পেট চলে না।’ তিনি আরও বলেন, ‘টাকার অভাবে ছাপাখানায় বিদ্যুৎ নিতে পারিনি। রাতে কুপি জ্বালিয়ে জরুরি কাজ সারতে হয়। মুদ্রণযন্ত্রটি হাত ও পা দিয়ে চালাতে হয়, যা খুব কষ্টের। অক্ষরগুলো পাওয়া যায় না। পুরোনো অক্ষরে জোড়াতালি দিয়ে কাজ করছি।’
ছাপাখানাটি সম্পর্কে ভূরুঙ্গামারী ডিিগ্র কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান বলেন, পুরোনো এ ছাপাখানাটি সংরক্ষণ করা উচিত। একই সঙ্গে বার্তাবহ সাময়িকীর সংখ্যাগুলো সংগ্রহ করে ভবিষ্যৎ প্রজন্মের দেখার ও জানার জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি ছোট আকারের জাদুঘর তৈরি করা যেতে পারে।