১২৫ জনের হজ যাত্রা স্থগিত গ্রেপ্তার ৩৯
হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত এক মাসে ১২৫ জনের হজযাত্রা স্থগিত করেছে বাংলাদেশের অভিবাসন কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন মিয়ানমারের নাগরিকও রয়েছেন, যাঁরা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে হজের নামে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন।অভিবাসন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে গত ৮ অক্টোবর হজ ফ্লাইট শুরু হয়। এবারই প্রথম ঠিকানা যাচাই (পুলিশ ভেরিফিকেশন) করে হজযাত্রীদের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। হজ পালনের নামে যাতে যুদ্ধাপরাধী ও বিভিন্ন মামলার আসামিরা পালাতে না পারেন এবং অবৈধভাবে শ্রমিক পাঠানো ও বাংলাদেশি পাসপোর্টে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সৌদি গমন ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয় বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের জানিয়েছেন।জানা গেছে, গত রোববার পর্যন্ত ৮১ হাজার ৫৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।