পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিদ্যালয় চত্বরে এক পুনর্মিলনীর আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসের মাধ্যমে আবার সেখানে ফিরে আসে। ছাত্র-শিক্ষকদের পদচারণে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় চত্বর। দীর্ঘদিন পর প্রাণের পাঠশালায় মিলিত হন প্রাক্তন ছাত্ররা। বসে মিলনমেলা।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে স্মৃতিচারণা করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুর রউফ, প্রাক্তন ছাত্র ওয়াহিদুজ্জামান, সন্তোষ গুপ্ত, ফজলুর রহমান, সামসুজ্জোহা, গিরিশ চন্দ্র প্রমুখ।
বিকেলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক জামিউল হক।