১২৫ বছর পূর্তি উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঐতিহ্যবাহী সম্মিলনী ইনস্টিটিউশন ১২৫ বছর পূর্তি উৎসব আজ। ১৮৮৯ সালের এই দিনে যশোর শহরের লোন অফিস পাড়ায় রায় বাহাদুর যদুনাথ মজুমদার প্রতিষ্ঠা করেন সম্মিলনী ইনস্টিটিউশন। সেদিন প্রায় ১০০ ছাত্র নিয়ে যাত্রা শুরু করা হয়।
দীর্ঘ এই পথচলায় বিদ্যাপীঠটি জন্ম দিয়েছে অসংখ্য গুণীজনের। সেই সব গুণী ছাত্রকে নিয়ে দুই দিনের মিলনমেলা বসছে বিদ্যালয় প্রাঙ্গণে।
উৎসবে যোগ দিতে আসছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য, রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিতবরণ ঘোষ, বিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ ছাত্র চিকিৎসক এহিয়া হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৎকালীন জমিদার রায় বাহাদুর যদুনাথ মজুমদারের ভ্রাতুস্পুত্র চিকিৎসক সূর্য কুমার মজুমদারসহ প্রাক্তন ৮০০ ছাত্র। এ ছাড়া বিদ্যালয়ে বর্তমান অধ্যয়নরত আরও ৬০০ শিক্ষার্থী দুই দিনের উৎসব মাতিয়ে রাখবে।
উৎসবের উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সম্মাননা জানানো হবে প্রাক্তন শিক্ষক প্রবোধ চন্দ্র সাহা, তারাপদ দাস, মনুজ কান্ত মজুমদার, রবিউল হোসেন, দাস দুলাল হরি, আবদুল্লাহ খান হামদু, মিজানুর রহমান, সৈয়দ হারিস উদ্দীন, জাহাঙ্গীর আলী, জগৎ নারায়ণ ঘোষ, মোজাহার আলী, সাহিদা চৌধুরী, মুন্সি আবদুর রফিক ও জীবন কুমার চক্রবর্তীকে।
দুই দিনের এই উৎসবকে ঘিরে নতুন রূপ পেয়েছে বিদ্যালয়টি। আলপনা দিয়ে গোটা প্রাঙ্গণ বর্ণিল করা হয়েছে। শহরের চৌরাস্তা মোড় থেকে বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই ধারে আলোকসজ্জা ও রঙিন কাপড়ের বর্ণচ্ছটায় মুড়ে দেওয়া হয়েছে।
উদ্যাপন পর্ষদের আহ্বায়ক মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর যশোরের উপপ্রধান রবিউল আলম বলেন, আজ অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী রথীন্দ্রনাথ রায় ও রাত ১০টায় আতশবাজি করা হবে। কাল গান গাইবেন সুবীর নন্দী ও প্রতীক হাসান। এদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও আনন্দ আড্ডা, প্রাক্তন শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।