১২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনে চার কিলোমিটার সড়কের দুই পাশে নালার ওপর গড়ে ওঠা ১২৫টি অবৈধ স্থাপনা এখনো উচ্ছেদ হয়নি।জানা গেছে, হিলি স্থলবন্দরের সিপি টেম্পোস্ট্যান্ড থেকে জালালপুরের তুলসীগঙ্গা নদী পর্যন্ত সড়কের দুই পাশে জেলা পরিষদের মালিকানাধীন নালাগুলোর ওপর কাঁচা-পাকা ১২৫টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এ কারণে নালাগুলো ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানসহ সাত-আটটি গ্রাামের প্রায় ছয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়া বন্দরের বেসরকারি গুদামগুলোতে পানি ঢুকে আমদানি পণ্যের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।হাকিমপুরের ইউএনও মো. তোফাজ্জল হোসেন বলেন, স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসন এবং সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে জেলা প্রশাসক গত অক্টোবরে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটি ১২৫ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে। এসব দখলদারকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ৮ মার্চ জেলা পরিষদ নোটিশ জারি করে। এর পরও দখলদারেরা স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসক মো. জামাল উদ্দীন আহমেদের নির্দেশে উপজেলা ভূমি অফিস আরেকটি নোটিশ জারি করে। কিন্তু এখনো স্থাপনাগুলো উচ্ছেদ হয়নি।স্থানীয় আবাসিক হোটেল ক্যাপিলার মালিক আবুল কাশেম আজাদ বলেন, ‘হোটেলের পাশে একটি খাবার হোটেল নির্মাণ করা হয়। নোটিশ পাওয়ার পর তা ভেঙে ফেলেছি।’ ওয়াদুদ প্রধান বলেন, ‘সবাই ভাঙা শুরু করলে আমিও বাসার সামনের দোকানগুলো ভেঙে ফেলব।’ হাকিমপুরের পৌর মেয়র মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের নোটিশ পাওয়ার পর পৌরসভার সামনের প্রাচীর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’