চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া ১২৬ জন বাংলাদেশির নয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে লিবিয়ার একটি কোম্পানি। একই সঙ্গে তাঁদের দেশে ফেরত পাঠানোর খরচ দিতেও রাজি হয়েছে কোম্পানিটি। এর ফলে ওই বাংলাদেশিরা এখন দেশে ফিরতে পারবেন। লিবিয়ার বাংলাদেশে দূতাবাস সূত্রে জানা গেছে, একইভাবে আরও ২৩০ জন বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন পরিশোধ ও তাঁদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টিও প্রক্রিয়াধীন। দূতাবাস সূত্রে জানা গেছে, ১৫ ও ১৮ আগস্ট লিবিয়ার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর সংগঠন অরগানাইজেনশন ফর ডেভেলপমেন্ট অব অ্যাডমিনেস্ট্রেটিভ সেন্টার (ওডিএসি) ১২৬ জন কর্মীর বকেয়া তিন লাখ ৬৬ হাজার ৫৬৭ লিবিয়ান দিনার (দুই কোটি টাকা) পরিশোধ করে। এ ছাড়া তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর টিকিটসহ আনুষঙ্গিক খরচও দেবে ওডিএসি।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই ১২৬ জন বাংলাদেশি লিবিয়ার সিটরামেঘা কারিয়া জিমেলিং (সিকেজি) কোম্পানিতে কাজ করতেন। ওই কোম্পানির হাউজিং প্রকল্পে ২০০৭ সালে কর্মীরা কাজ শুরু করেন। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে ২০০৯ সালে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০৯ সালের নভেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের বেতন দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে কর্মীদের চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু এর পরও কোম্পানিটি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করে বাংলাদেশে ফেরত পাঠাতে গড়িমসি শুরু করে। বাংলাদেশি কর্মীরা বিষয়টি লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে জানায়। দূতাবাসের পক্ষ থেকে অব্যাহত চাপ দেওয়া হলেও সিকেজি টাকা পরিশোধ করেনি। একপর্যায়ে লিবিয়া সরকার ও প্রকল্প বাস্তবায়নকারী সরকারি সংস্থার (ওডিএসি) হস্তক্ষেপে সিকেজি ওই কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও তাঁদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে রাজি হয়। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আহসান কিবরিয়া সিদ্দিকি প্রথম আলোকে জানান, ১২৬ জন বাংলাদেশি এখন দেশে ফিরতে পারবেন। তাঁদের সেই খরচও দেওয়া হবে। লিবিয়ায় ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।