১২৬ স্কুলে নিয়োগে আ.লীগ নেতাদের ঘুষ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতারা হস্তক্ষেপ করে নিজেদের পছন্দের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাধ্য করেছেন। বিনিময়ে তাঁরা জনপ্রতি দুই-তিন লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর জেলার পাঁচটি উপজেলায় ৩৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম ধাপে ১২৬টি বিদ্যালয়ে একজন করে দপ্তরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৩১ ডিসেম্বর আবেদনপত্র বাছাই করে গত ২৪ জানুয়ারি মৌখিক পরীক্ষার মাধ্যমে মনোনীত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা—এ তিনজনকে নিয়ে নিয়োগ কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা তাঁদের বাছাইকৃত প্রার্থীদের সর্বোচ্চ নম্বর দিতে নিয়োগ কমিটিকে বাধ্য করেন। বরগুনা সদরে ৩৬টি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অভিযোগ আছে, চূড়ান্ত তালিকায় যাঁরা স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেকের দুই-তিন লাখ টাকা করে ঘুষ দিতে হয়েছে। জেলা আওয়ামী লীগের কতিপয় প্রভাবশালী নেতা পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছেন। চূড়ান্ত তালিকায় আছেন এমন কয়েকজন পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘টাকা ছাড়া চাকরি হবে না জেনে বাধ্য হয়ে জমি বিক্রি করে চাকরি নিশ্চিত করার জন্য টাকা দিয়েছি।’নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা সদরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘সরকারি চাকরি করি বলে আমাদের হাত-পা বাঁধা। নিয়োগের ক্ষেত্রে আমরা ছিলাম অসহায়। সরকারি দলের কতিপয় নেতা ফোন করে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবে কাজ করতে বাধ্য হয়েছি।’ সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, ‘নিয়মানুযায়ী ২০ নম্বরের মৌখিক পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে উত্তীর্ণ ব্যক্তিদের তালিকা ইউএনওর কাছে পাঠানোর নির্দেশ থাকলেও অজ্ঞাত কারণে আমাকে ফলাফলের কপি না দেখিয়ে তালিকা তৈরি করে ইউএনওর কাছে পাঠানো হয়। তাতে আমার স্বাক্ষরও নেওয়া হয়নি। আমি এ ঘটনায় আপত্তি জানিয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেছি।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার কাছে এ ধরনের পাঁচ-ছয়টি অভিযোগ এসেছে। সেগুলো উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি।’বেতাগী উপজেলার ২৪টি বিদ্যালয়ে নিয়োগেও একই রকম অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চাকরিপ্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ করেন, বেতাগী সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে লোক দেখানো পরীক্ষা নিলেও তিন লাখ টাকার বিনিময়ে পরীক্ষার ফলাফল ভালো হয়নি এমন একজনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বিষয়টি অস্বীকার করেছেন।বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনির হোসেন হাওলাদার বলেন, ‘এ ধরনের অভিযোগ আমিও পেয়েছি। তবে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় শিক্ষকদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের বিষয়ে তেমন তথ্য-প্রমাণ পাইনি।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘সংশ্লিষ্ট ইউএনওরা নিয়োগ কমিটির প্রধান। তবে এ-সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির বলেন, ‘আমার কাছে অনেকে তদবিরে এসেছেন। কিন্তু আমি প্রশ্রয় দিইনি। দূর থেকে শুনি টাকাপয়সার খেলা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, এটা যদি কেউ করে থাকেন তা নিজ দায়িত্বে করবেন; দল এসব অনৈতিক কর্মকাণ্ডের দায়িত্ব নেবে না।’