১২৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনার ভাঙনে ঘরবাড়ি বিলীন হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। এ ছাড়া ঘরবাড়ি ভেঙে যাওয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৬৫ শিক্ষার্থী অংশ নিতে পারেনি।
এদিকে ভাঙনের জন্য আসন্ন পিইসি পরীক্ষায় ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে না বলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন।
জেলা প্রশাসকের সাধারণ শাখার তথ্যমতে, জেলায় এ বছর জেএসসি পরীক্ষায় ১৫ হাজার ৮১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯২ জন অনুপস্থিত ও জেডিসি পরীক্ষায় ৮ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৩ জন অনুপস্থিত রয়েছে।
জেলা প্রধান শিক্ষক সমিতির সদস্য মনিরউদ্দিন, ‘উত্তর ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’র আহ্বায়ক সাঈদ আলী, সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাসিন্দা আইনজীবী মনিরুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ, পল্লি চিকিৎসক আমির হোসেনসহ কয়েকজন বলেন, মেঘনার ভাঙনে সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর হারিয়ে বাবা-মা ভোলা ছেড়ে কাজের সন্ধানে ঢাকা ও চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে জীবিকার প্রয়োজনে শিশুরাও শ্রম দিচ্ছে। এ ছাড়া যেসব শিশু ভোলায় থাকছে, তারাও মাছ ধরা এবং ইটভাটায় কাজ করছে। এ কারণে অনেক শিশু এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি।
ভাঙনের কারণে ঘর সরিয়ে রেখেছেন পূর্ব ইলিশার কালুপুর গ্রামের ফরিদ ব্যাপারী, মোতাহার হাওলাদার, জাহের মুন্সি, সিদ্দিক ঢালি। তাঁদের পরিবারের অন্তত ১০ শিশুর বিদ্যালয়ে যাওয়া বন্ধ। ফরিদ ব্যাপারী বলেন, ‘ঘর নাই, থাহি রাস্তাঘাডো, মাইনষের বারান্দায়। পোলাইন পরামু কুডেত্তোন।’
পূর্ব ইলিশা ইউনিয়নের ১৩ নম্বর উত্তর মুরাদ-সফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বলেন, পঞ্চম শ্রেণিতে ৪৪ জন শিক্ষার্থী ছিল। কিন্তু মডেল টেস্টে ৩২ জন অংশ নেয়। আশা করা যায়, ৩২ জন পিইসিতে অংশ নেবে। এ ছাড়া বিদ্যালয়ের অন্য শ্রেণিতে ২০ শতাংশ শিশুর অনুপস্থিতি লক্ষ করা গেছে। মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, তাঁর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে উঠেছিল ১৩৩ জন। মডেল টেস্ট দিয়েছে ১২০ জন। বিদ্যালয়ের অন্য শ্রেণিতে অনুপস্থিতির হার ৩০ শতাংশ।
এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ-মধ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর রূপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-মধ্যম রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ে প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী সময় শেষ হলেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফরম পূরণ করেনি। মৌলভীরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ইবতেদায়ি (পঞ্চম) পরীক্ষায় ৫০ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষায় যারা অনুপস্থিত, তাদের অধিকাংশই ভাঙনকবলিত। ভাঙনকবলিত পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশই মেয়ে। ছেলে পরীক্ষার্থীরা বাবার সঙ্গে কাজের সন্ধানে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এসব পরীক্ষার্থী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র চলে গেলেও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অভাব ও অসচেতনতার কারণে তারা পরীক্ষা দেয়নি। এসব পরিবারকে পুনর্বাসনসহ ভাঙন প্রতিরোধ ও ভাতার ব্যবস্থা করা জরুরি।
সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ভাঙনকবলিত পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে। তিনি অনুপস্থিত পিইসি পরীক্ষার্থীদের খুঁজে নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষা নিতে প্রধান শিক্ষকদের বলেছেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, যারা ভোলায় আছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণ করানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।