১২৮ বছরের পুরোনো ভবনের ছাদে ফাটল
ফরিদপুরের পুরোনো জেলা জজ আদালত ভবনের ছাদে ও দেয়ালে ফাটল ধরেছে। ছাদ চুইয়ে পানি পড়া ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিন। মাঝেমধ্যেই আদালতকক্ষে খসে পড়ছে পলেস্তারা। এর মধ্যেই আদালতের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে আদালত ভবনে কাজ করছেন।
এ অবস্থায় যেকোনো মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক। তিনি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৬ মে আইন ও বিচার বিভাগের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি লিখিত আবেদন করেছেন।
৭ মে সরেজমিনে দেখা গেছে, ছাদ ও দেয়ালে ফাটল ধরা, পলেস্তারা খসে পড়াসহ আদালত ভবনে ঝুঁকিপূর্ণ ও ভীতিকর এক পরিবেশের সৃষ্টি হয়েছে। আদালত ভবনের ছাদের পশ্চিম অংশে পানি পড়া বন্ধ করতে তিন দফা কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। ছাদের পূর্ব অংশে দুই দফা কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। সে ঢালাইয়ে ফাটল ধরে এবড়োখেবড়ো হয়ে গেছে। ছাদের মাঝের অংশের (এর ঠিক নিচেই জেলা জজের এজলাস ও কামরা) ফাটল দিয়ে পানি পড়ে। পানি পড়া ঠেকাতে পলিথিন দিয়ে ছাদের ওই অংশ আচ্ছাদিত করে রাখা হয়েছে। নকশা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হেমায়েত হোসেন জানান, তাঁদের কক্ষে মাঝেমধ্যেই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জোয়াদ্দার জানান, পানি পড়া বন্ধ করতে গণপূর্ত বিভাগকে খবর দেওয়া হয়।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলী ৫ মে পরিদর্শন করে জানান, ছাদের ওপর কয়েক দফা কংক্রিটের ঢালাই দেওয়ায় ছাদটি ভারী হয়ে গেছে। ফলে নতুন করে ঢালাই দিলে ভবনটি এ ভার বহন করতে পারবে না। তাঁর পরামর্শে পানি পড়া ঠেকাতে পলিথিন বিছিয়ে রাখা হয়েছে।
ফরিদপুর জজ আদালতের নাজির সিরাজুল ইসলাম জানান, ১৮৮৫ সালে দৃষ্টিনন্দন দ্বিতল আদালত ভবনটি চুন, সুরকি ও খোয়ার গাঁথুনি দিয়ে নির্মাণ করা হয়। বিগত বছরগুলোতে কয়েক দফা গণপূর্ত বিভাগ ভবনটি মেরামত করে। কিন্তু চুন, সুরকির গাঁথুনির সঙ্গে কংক্রিট, প্লাস্টার ঠিকমতো না মেশায় সে মেরামত স্থায়ী হয়নি।
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘আদালত ভবনের ছাদ নিয়ে আমাদের আপাতত করার কিছু নেই। জলছাদের ওপর যে ফাটল দেখা দিয়েছে, তা সিমেন্ট দিয়ে মেরামত করা যেতে পারলেও তা স্থায়ী হবে না। তবে প্রস্তাব দেওয়া হলে নান্দনিক এ ভবনটির নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখে সম্পূর্ণ ছাদটি অপসারিত করে এবং পুরোনো প্লাস্টার খুলে নতুনভাবে নির্মাণ করে দেওয়া সম্ভব।’