১২৮ মামলার অভিযোগপত্রে শিক্ষক ২৬০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটকেন্দ্র দখল, আগুন ও সহিংসতার ঘটনায় দিনাজপুরে দায়ের করা ১২৮টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে আসামি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জামায়াত ও বিএনপি–সমর্থিত ২৬০ জন শিক্ষক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত জুন মাসের মধ্যে অভিযোগপত্রগুলো জমা দেওয়া হয়।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বলেন, অভিযোগপত্রগুলোতে ২ হাজার ৮০০ জনের নাম উল্লেখ আছে। তদন্ত শেষে গত জুন মাসের মধ্যে সব মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। তবে অভিযোগপত্রে আসামিদের নামের তালিকায় ঠিক কতজন শিক্ষক আছেন, তা আলাদাভাবে চিহ্নিত করা হয়নি বলে তিনি জানান।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মামলাগুলোর তদন্তকারী একাধিক পুলিশ কর্মকর্তা জানান, মামলাগুলোর অভিযোগপত্রে আসামি হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬০ জন শিক্ষকের নাম আছে। এসব শিক্ষক জামায়াতে ইসলামী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সহিংসতা ও নাশকতা সৃষ্টির সঙ্গে তাঁরা সরাসরি জড়িত ছিলেন।
সূত্রটি আরও জানায়, এর মধ্যে খানসামা, চিরিরবন্দর ও বীরগঞ্জ উপজেলায় সর্বাধিকসংখ্যক শিক্ষকের নাম অভিযোগপত্রে রয়েছে। এ সংখ্যা প্রায় দেড় শ হবে।
এদিকে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আসামি হিসেবে অভিযোগপত্রে থাকা তালিকাভুক্ত শিক্ষকদের বেশির ভাগই আদালত থেকে জামিন নিয়েছেন। তাঁরা বর্তমানে কর্মক্ষেত্রে ফিরে গেছেন। এসব শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী নির্বাচনবিরোধী সহিংসতা ও নাশকতার ঘটনায় জেলার ১৩ উপজেলার ১৭০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ২০৯ জন শিক্ষক সরাসরি জড়িত ছিলেন বলে আমাদের কাছে তথ্য আছে। মামলার ভিত্তিতে এই শিক্ষকদের নামের তালিকা গত মে মাসেই শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।’ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে একদিনের জন্যও যাঁরা হাজতবাস করেছেন, ১৯৭৯ সালের সরকারি কর্মচারী শৃংখলা আপিল বিধিমালা অনুযায়ী তাঁদের চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে গত জুনেই।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গতকাল শুক্রবার মুঠোফোনে বলেন, এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আগামী ৫ আগস্ট জেলা শিক্ষা কার্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।