১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া জেলায় ১৮২ জন সহকারী শিক্ষকের পদও শূন্য। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৪০। তার মধ্যে ১২৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া জেলায় ১৮২টি সহকারী শিক্ষকের পদও শূন্য। সদর উপজেলায় ৪৩ জন প্রধান শিক্ষক ও ৭৯ জন সহকারী শিক্ষক; সোনাগাজী উপজেলায় ২৪ জন প্রধান শিক্ষক ও ৩৫ জন সহকারী শিক্ষক; ফুলগাজী উপজেলায় ১২ জন প্রধান শিক্ষক ও ১২ জন সহকারী শিক্ষক; পরশুরাম উপজেলায় ১১ জন প্রধান শিক্ষক ও ১০ জন সহকারী শিক্ষক; ছাগলনাইয়া উপজেলায় ২১ জন প্রধান শিক্ষক ও ১৫ জন সহকারী শিক্ষক এবং দাগনভূঞা উপজেলায় ১৭ জন প্রধান শিক্ষক ও ৩১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য।
সোনাগাজীর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আবুল কাশেম বলেন, কদিন পরেই ছেলের প্রাথমিক সমাপনী পরীক্ষা। কিন্তু বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় লেখাপড়া ব্যাহত হচ্ছে।
সোনাগাজীর দক্ষিণ-পশ্চিম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর মজুমদার বলেন, বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে চারটি। দুজন শিক্ষক অনেক আগেই অন্য জেলায় বদলি হয়ে গেছেন। কয়েক মাস আগে প্রধান শিক্ষকও অবসরে চলে গেছেন। একজন শিক্ষককে অন্য বিদ্যালয় থেকে প্রেষণে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিভাবকদের সহযোগিতায় স্থানীয়ভাবে একজন অতিথি শিক্ষক নেওয়া হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৩৫ জন। তিনি বলেন, তিনি কোনো কাজে উপজেলায় গেলে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম অচল হয়ে পড়ে।
সোনাগাজী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সোনাগাজী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র রায় বলেন, প্রধান শিক্ষক না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ে জানানো হয়েছে। ইতিমধ্যে সরকার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে এ সমস্যা থাকবে না।