১২৯ পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাইল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকার্তায় গতকাল স্থানীয় পোশাকের প্রদর্শনী দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি
জাকার্তায় গতকাল স্থানীয় পোশাকের প্রদর্শনী দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি

ইন্দোনেশিয়ার বাজারে ১২৯টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধা চেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক শেষে এক যৌথ ইশতেহারে এ কথা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালাইসিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ইন্দোনেশিয়া যান। ওই সফর শেষে গতকাল রাত ১১টায় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। খবর বাসস ও ইউএনবির।
বাংলাদেশের সুবিধা চাওয়ার বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ বাংলাদেশি পণ্যের কোটা ও শুল্কমুক্ত পণ্যের তালিকা পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।
ইশতেহারে বলা হয়, দুই নেতা উভয় দেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার ব্যাপারে উদ্বেগ জানিয়ে তা দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পররাষ্ট্রসচিব শহিদুল হক, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন এবং মহাপরিচালক (জাতিসংঘ) মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, দুই নেতা বিভিন্ন খাতে, বিশেষ করে উভয় দেশের বেসরকারি খাতের উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
দুই নেতা কৃষি খাতে সহযোগিতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিদ্যুৎ ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর সমঝোতা স্মারক এবং ইন্দোনেশিয়ার রপ্তানি সংস্থা ও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষরে একমত হন।
এতে বাংলাদেশ ব্যবসায়ীদের জন্য ভিসামুক্ত সুবিধারও অনুরোধ জানানো হয়। যৌথ ইশতেহারে জাতিসংঘ শান্তিরক্ষা, কৃষি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন, বিজ্ঞান ও তথ্য এবং যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি ও খনিজ সম্পদের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, চলতি বছরের শেষে পররাষ্ট্রসচিব পর্যায়ে যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও বৈঠক করেন। গত বুধবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসেন লুংয়ের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন।
প্লেনারি সেশনে সহসভাপতি: এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে চতুর্থ প্লেনারি সেশনে গতকাল আফ্রো-এশিয়ান নেতারা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের মাধ্যমে উভয় মহাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত এবং অভিন্ন সমস্যাগুলো উত্তরণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহবুব চতুর্থ প্লেনারি সেশনে সহসভাপতির দায়িত্ব পালন করেন।
তিন দিনব্যাপী এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে ৩৪টি দেশের রাষ্ট্রপ্রধান, এশিয়ান ও আফ্রিকান ১০৫ দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক ১৫ দেশ এবং ১৭টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে।