১৩ আ.লীগ নেতার বিরুদ্ধে দলের এক কর্মীর অভিযোগ
চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে জমি দখল, হামলা এবং ১১ বিঘা জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন আবুল হোসেন (৬০) নামের আওয়ামী লীগের এক কর্মী।যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর, উথলী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য সুরউদ্দিন, আওয়ামী লীগের কর্মী পাথিলা গ্রামের ইসলাম ফরাজী, বাবুর আলী, মহর মণ্ডল, ছাত্তার খান, নাজমুল, সবুর, রাজ্জাক, গোলাপ ফরাজী ও তাঁর ছেলে মিন্টু, নিরাজ ও কপিল।অভিযোগে বলা হয়েছে, গত ২৬ মার্চ আবুল হোসেন, তাঁর চাচা ও আত্মীয়স্বজনের ২৬ বিঘা জমি দখল করেন অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় বাধা দিলে আবুল হোসেন ও তাঁর ছেলে বাচ্চুকে মারপিট করা হয়। বাচ্চু থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ ব্যাপারে বাচ্চু আদালতে মামলা করলে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন। কিন্তু পুলিশ আসামিদের পক্ষ নিয়েছে। আর আসামিরা আবুল হোসেন ও তাঁর ছেলে বাচ্চুকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। গত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ১১ বিঘা জমির পাকা ধান তাঁরা কেটে নিয়েছেন বলে অভিযোগ করেছেন আবুল হোসেন।অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর জানান, তিনি পাথিলা গ্রামের আবুল হোসেন নামে কোনো আওয়ামী লীগের কর্মীকে চেনেন না। তা ছাড়া ওই গ্রামে জমি দখল, হামলা ও ধান লুটের বিষয়টিও তাঁর জানা নেই। সুরউদ্দিন অভিযোগের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন।