
বাঙালি নারী মানেই আচারশিল্পী। তাঁদের বানানো নানা পদের আচারে মিশে থাকে মমতা। যত্ন নিয়ে তাঁরা বানান টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য স্বাদের আচার। দেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব আচারশিল্পীর বানানো ১৩টি আচারকে পুরস্কার দেওয়া হলো ১৭তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার ছিল এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা দেশ থেকে ৪ হাজার ৭১০ জন প্রতিযোগীর পাঠানো প্রায় সাত হাজার আচারের মধ্য থেকে এসব আচার নির্বাচন করা হয়। ২০১৬ সালের ‘বর্ষসেরা আচার’ বানিয়ে ঢাকার শাহনাজ শারমিন জিতে নিয়েছেন দুই লাখ টাকা পুরস্কার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণের পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী। তিনি বলেন, প্রাণ ১৬ বছর ধরে আচারশিল্পীদের পুরস্কৃত করে আসছে। আচারের ঐতিহ্য ধরে রাখতেই প্রাণের এই উদ্যোগ। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন আচার প্রতিযোগিতার উদ্যোক্তা প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনয়শিল্পী নওশীন। নাচ, গান ও মূকাভিনয়ের ফাঁকে ফাঁকে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য বিভাগের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আম, জলপাই, কামরাঙা, তেঁতুল, চালতা—কী নেই আচারের উপকরণে। কয়েক দফা যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হওয়া ১৩টি আচারকে দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংগীতশিল্পী ফেরদৌস আরা বলেন, প্রাণ এমন একটি নাম, যা পুরো বাংলাদেশের প্রাণকে একসূত্রে বেঁধেছে। শুধু শহরকেন্দ্রিক নয়, সারা দেশের নারীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁদের বানানো আচারকে শিল্প আকারে নিয়ে এসেছে প্রাণ গ্রুপ। প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রাণের চেষ্টা থাকে প্রতিবছর বড় পরিসরে আচার প্রতিযোগিতা আয়োজনের।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী হাবিব ওয়াহিদ, মাসুম, রেশমী, সুকন্যা ও রাজু। নাচের পরিবেশনায় ছিল ইগল ড্যান্স কোম্পানি। কোরিওগ্রাফিতে অংশ নেন অভিনয়শিল্পী ইমন ও নিপুণ।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ নিসাত পারভীনের নেতৃত্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত ১০ নারী। বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন টক—ঢাকার মিনারা খাতুন, নাছরিন আক্তার ও বরিশালের নাছরিন সুলতানা। মিষ্টি—ঢাকার ফরিদা পারভীন, নাজমা রহমান ও আনিকা তাবাসসুম। ঝাল—সুনামগঞ্জের আয়েশা খাতুন, ঢাকার হাফসা খান ও ময়মনসিংহের কমল। অন্যান্য—বরিশালের আমেনা বেগম, ঢাকার তাছনুভা ও চাঁপাইনবাবগঞ্জের শামসুন্নাহার হক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক, প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, শিল্পী মুনমুন আহমেদ ও সুজিত মোস্তফা, অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যনির্দেশক জিনাত হাকিম, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ নিসাত পারভীন ও শিল্পী লিনা তাপসী।