১৩ আদিবাসীর মুক্তিপণ হিসেবে সুবলং বাজার খুলে দেওয়ার দাবি অপহরণকারীদের!
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের চিলাকডাক এলাকা থেকে অপহূত ১৩ জন আদিবাসী গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মুক্তি পাননি। অপহরণকারীরা তাঁদের মুক্তির বিনিময়ে সুবলং বাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছে বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। গত রোববার বিকেল সাড়ে তিনটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি প্রথমে উপজেলার সুবলং ইউনিয়নের ডাগভাঙ্গা গ্রামের পূর্ণ বিকাশ চাকমা (৩০) ও কানুনগো বিজয় চাকমা (২৩) এবং বরকল সদর ইউনিয়নের মরংছড়ি গ্রামের জুয়েল চাকমাকে (২৫) অপহরণ করে। পরে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের চকপটিঘাট এলাকার ১০ জনকে একদল সশস্ত্র ব্যক্তি অপহরণ করে। অপহূত ব্যক্তিরা মৌসুমি ফল নিয়ে রাঙামাটির দিকে আসছিলেন বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে সুবলং বাজার বসানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন মনে করছে। স্থানীয়দের অভিযোগ, সুবলং বাজারে ইউপিডিএফের আধিপত্য থাকার কারণে জনসংহতি সমিতি লোকজনকে এই বাজারে না যেতে বলে দেয়। কিন্তু ইউপিডিএফ স্থানীয় লোকজনকে সুবলং বাজারে না গেলে আর কোথাও পণ্য বিক্রি করতে পারবে না বলে জানিয়ে দেয়। এ অবস্থায় সাধারণ লোকজন ঝুঁকি নিয়ে পচনশীল মৌসুমি পণ্য রাঙামাটি নিয়ে আসতে থাকেন। তাঁদের বাধা দিতে ইউপিডিএফ এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। তবে ইউপিডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ১৩ জন অপহূত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল অপহরণকারীরা অপহূতদের মুক্তির বিনিময়ে সুবলং বাজার খুলে দেওয়ার দাবি জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহূতদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।