মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জের ১৩ আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল বুধবার অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আগামী ৭ আগস্ট মামলায় পরবর্তী শুনানির জন্য দিন রাখা হয়েছে।
প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) গত ২৮ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যার ওপর গতকাল শুনানি নিয়ে অভিযোগ আমলে নেওয়া হয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।
পরে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ আনা হয়েছে। ১৪ আসামির মধ্যে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মো. আবদুল আলী মোল্লা মারা গেছেন। সে জন্য ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল ১৩ আসামির বিরুদ্ধে সাতটি অভিযোগ আমলে নিয়েছেন। তিনি বলেন, মামলায় পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন রাখা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি আছে কি না, সে বিষয়ে সেদিন বাগেরহাটের পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ২২ জানুয়ারি ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। এরপর প্রসিকিউশন ২৮ মার্চ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আসামিদের মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহম্মদ উকিল উদ্দিন, ইদ্রিস আলী মোল্লা, মো. মকবুল মোল্লা কারাগারে আছেন। গতকাল তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক অপর নয় আসামি হলেন খান আশরাফ আলী, সুলতান আলী খান, মকছেদ আলী দিদার, শেখ ইদ্রিস আলী, শেখ রফিকুল ইসলাম বাবুল, রুস্তম আলী মোল্লা, মো. মনিরুজ্জামান হাওলাদার, মো. হাশেম আলী শেখ ও মো. আজাহার আলী শিকদার।