সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের প্রথম তারিখ ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
মামলায় গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বলেন, অভিযোগ গঠনের পর আগামী ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে নয় দিন সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন আদালত। বাকি তারিখগুলো হলো—৪,৭, ৮,১১, ১২,১৩, ১৪ ও ১৫ অক্টোবর।
গত ২৪ আগস্ট এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে তিন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তাঁদের সম্পত্তি জব্দ করার নির্দেশ দেওয়া হয়।
তিন আসামির মালামাল জব্দ করে আদালতকে অবহিত করে জালালাবাদ থানা-পুলিশ। পরে আসামিদের ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মুখ্য হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যার ঘটনার পরপরই পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া কামরুল ইসলামকে অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়। অভিযোগপত্রে কামরুলসহ তিনজনকে পলাতক দেখানো হয়েছে।
বাকি অভিযুক্ত আসামিরা হলেন কামরুলের তিন ভাই মুহিত আলম, হায়দার আলী ওরফে আলী ও শামীম আহমদ (পলাতক), চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, দুলাল আহমদ, নূর আহমদ ওরফে নূর মিয়া, আয়াজ আলী, রুহুল আহমদ ওরফে রুহেল, রাজু মিয়া (পলাতক), ফিরোজ আলী, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল ও আজমত উল্লাহ।
অভিযোগের প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার হওয়া এক আসামির স্ত্রী লিপি বেগম ও তাঁর ভাই ইসমাইল হোসেন ওরফে আবলুসকে অব্যাহতি দেওয়া হয়।
গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউল রাজনকে। তখন তার লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। একে একে জনতা ধরিয়ে দেয় হত্যা মামলার কয়েকজন আসামিকে।