১৩ ইটভাটা, দুই রড কারখানার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদিত সামগ্রী মানসম্মত না হওয়ায় এবং প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় কুমিল্লার ১৩টি ইটভাটা ও দুটি রড কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত বুধবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই মামলা করা হয়। বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম ইসহাক আলী ওই মামলা করেন।জানা যায়, গত সোমবার বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ ও মাঠ কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার রড কারখানা ও ইটভাটা পরিদর্শনে যান। তাঁরা দুটি রড কারখানা ও ১৩টি ইটভাটায় মান বজায় রেখে রড ও ইট তৈরি হচ্ছে না বলে চিহ্নিত করেন। রডের মধ্যে পর্যাপ্ত উপকরণ দেওয়া হয় না এবং ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ঠিক নেই। তার ওপর এসব কারখানার কোনোটিরই লাইসেন্স নেই। আবার কোনোটি লাইসেন্স নিলেও নবায়ন করেনি। এরপর বিএসটিআই গতকাল দুটি রড কারখানা ও ১৩টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করে।জানতে চাইলে সহকারী পরিচালক কে এম হানিফ বলেন, ওই সব কারখানার মালিকেরা ক্রেতাদের ঠকিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। ২০০৯ সাল থেকে কারখানার মালিকেরা বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স গ্রহণ না করে উৎপাদন অব্যাহত রেখেছেন, যা ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩’-এর ২৪ ধারার পরিপন্থী এবং ৩১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। নবায়ন না করলে লাইসেন্স আপনা আপনি বাতিল হয়ে যায়।বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম ইসহাক আলী বলেন, বিএসটিআই থেকে গুণগত মান যাচাই না করে ওই সব কারখানার উৎপাদিত এমএস রড ও ইট বিক্রয় ও বিতরণ করা হচ্ছে।