১৩ এপ্রিল রোডমার্চের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ১৩ এপ্রিল রোডমার্চের ডাক দিয়েছেন বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ওই কর্মসূচি আহ্বান করেন।
১৩ এপ্রিল সকাল নয়টায় চৌয়ারা বাজার থেকে সুয়াগঞ্জ পর্যন্ত রোডমার্চ হবে। এ ছাড়া সন্ধ্যা সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগঞ্জ বিশ্বরোড চৌরাস্তা মোড়ে সমাবেশ হবে। মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ডের বাসিন্দাদের নাগরিক সুযোগ-সুবিধা না দিয়ে উপজেলার সীমানা নিয়ে গেজেট প্রকাশে ক্ষোভ প্রকাশ করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনকে মহানগরে রূপান্তর ও নাগরিকদের স্থানীয় সরকারের সুবিধা ওয়াসা, মহনগর পুলিশ, আদালত ও ভূমি কার্যালয় না দিয়ে সদর দক্ষিণ উপজেলার সীমানা নির্ধারণ বেআইনি। রাজনৈতিক উদ্দেশ্যে ওই সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ডের (১৯ নম্বর থেকে ২৭ নম্বর) নাগরিকেরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন। এর পরও গত ৩ মার্চ স্থানীয় সরকার বিভাগ সদর দক্ষিণ উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে সীমানা পুনর্নির্ধারণ করে। এতে নয়টি ওয়ার্ডের বাসিন্দারা উপজেলা থেকে বাদ পড়ে যায়।