বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলার ঐক্যবদ্ধ আহ্বানের লক্ষ্যে ১৩ ও ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এমন দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদের বৈঠক।২৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় কোপ-১৭-এর আগে ঢাকার এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় ক্লাইমেট ভারনারেবল ফোরাম (সিভিএফ) নামের এই বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩২টি সদস্য দেশ ও ২৮টি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই বৈঠকে উপস্থিত থাকবেন।পররাষ্ট্র এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে সিভিএফের আয়োজন করছে। এতে সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) লন্ডনভিত্তিক এনজিও সিডিকেএন এবং মাদ্রিদভিত্তিক এনজিও ডিএআরএ। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে সিভিএফ।