১৩ কনটেইনার জব্দ
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে চারটি এবং বেসরকারি ডিপো কেডিএস লজিস্টিক লিমিটেডে নয়টি কনটেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বুধবার এসব কনটেইনার খুলে ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির বিষয়ে নিশ্চিত হন অধিদপ্তরের কর্মকর্তারা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকার ধামরাইয়ের পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড বর্জ্য কাগজ আমদানির ঘোষণা দিয়ে বিদেশ থেকে আট কনটেইনার আঠাযুক্ত স্টিকার নিয়ে আসে। গতকাল কেডিএস লজিস্টিক লিমিটেডে এসব কনটেইনার খুলে ঘোষণাবহির্ভূত পণ্য শনাক্ত করেন গোয়েন্দা কর্মকর্তারা।
সূত্র জানায়, একই ডিপোতে আরও একটি কনটেইনার খুলে মিথ্যা ঘোষণায় আনা পুরোনো ফটোকপি মেশিন জব্দ করা হয়। শুল্ক-করসহ এই নয়টি কনটেইনারের মূল্য আনুমানিক চার কোটি টাকা।
সূত্র আরও জানায়, এ ছাড়া চট্টগ্রাম বন্দরে আটক চারটি কনটেইনার খুলে যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট এ এস এম জাকির হোসেন বলেন, ‘এই ১৩টি কনটেইনারে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি।’