১৩ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের ১৩ কিলোমিটারজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় এক বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে উপজেলার প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এক বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের দুরবস্থার কারণে উপজেলাবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জগন্নাথপুর কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটি ৪০ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে জগন্নাথপুর থেকে কেউনবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটারের বেশি রাস্তায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, জগন্নাথপুর অংশের হবিবপুর, ইসাকপুর, মীরপুরের মেঘাখালী, কেউনবাড়ি, কালিগঞ্জ, মীয়ারবাজার ও পীরেরবাজার এলাকায় রাস্তায় পিচ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া রাস্তাজুড়ে রয়েছে অসংখ্য গর্ত। অথচ জগন্নাথপুরবাসীর বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি।জগন্নাথপুর পৌর শহরের সঞ্জয় মোহন দে বলেন, ‘আমাকে ব্যবসায়িক কাজে প্রায় দিনই সিলেট শহরে যেতে হয়। পিচ উঠে ছোট-বড় গর্ত হওয়ার কারণে রাস্তার যে অবস্থা হয়েছে, একবার সিলেট গেলে ওই দিন আর ফিরতে মন চায় না।’ জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বকুল গোপ জানান, এ সড়ক দিয়ে চলাচল করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন।জগন্নাথপুর-সিলেট সড়কের বাসচালক মজিদ মিয়া জানান, ভাঙাচোরা রাস্তা দিয়ে একবার গাড়ি নিয়ে গেলে আরেকবার যেতে ইচ্ছে করে না।এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘গুরুত্বপূর্ণ ওই সড়কের জগন্নাথপুর অংশ সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সংস্কার করার বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।’