১৩ কিলোমিটার রাস্তা গর্তে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর-কাছিকাটা সড়ক মাত্র ১৩ কিলোমিটার। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় সড়কের সাত কিলোমিটারজুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, চাটমোহর-কাছিকাটা সড়কটি গিয়েবনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সঙ্গে মিশেছে। আর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে এলাকার মানুষ পাবনা সদর, আটঘরিয়া ও চাটমোহর উপজেলা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করে। এ কারণে চাটমোহর-কাছিকাটা সড়কটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে মালবাহী ও যাত্রাবাহী অসংখ্য যানবাহন চলাচল করে। ফলে যানবাহনের অতিরিক্ত চাপে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। গত বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এসব গর্ত আরও বড় হয়। কিন্তু গত এক বছরে কোনো মেরামত না করায় ইট-সুরকি সরে গিয়ে ওই সড়কের প্রায় সাত কিলোমিটারে কাদার সৃষ্টি হয়। বৃষ্টির দিনে গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় ঘটে দুর্ঘটনা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চাটমোহর বাজার থেকে কিছু পথ এগোলেই সড়কের অনেক অংশে ইট-সুরকি নেই। তৈরি হয়েছে বড় বড় গর্তের। আর গর্তগুলো ভরে আছে কাদা আর পানিতে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও মালবাহী যানবাহন।

সদরের নতুন পাড়া মহল্লার রাজিউর রহমান জানান, ব্যবসায়িক প্রয়োজনে ঢাকায় যাওয়া-আসার জন্য সড়কটি তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সড়কটি চলাচলের অনুপযোগী। ছোট গাড়ি নিয়ে সড়ক পার হতে গেলেই দুর্ঘটনার কবলে পড়তে হয়। আরেক ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘আমরা অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।’ ছাইকোলা ডিগ্রি কলেজের শিক্ষক কাজী মান্নাফ বলেন, ‘আমি মোটরসাইকেল নিয়ে কলেজে যাতায়াত করি। কিন্তু জানের মধ্যে ভয় থাকে। মনে হয়, কখন মোটরসাইকেল উল্টে পড়ে হাত-পা ভেঙে যায়।’

স্থানীয় ছাইকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান জানান, এ সড়কটির অধিকাংশ এলাকায় তাঁর ইউনিয়নে পড়েছে। দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় সড়কটির বেহালদশা। সড়কের সাত কিলোমিটারের মধ্যেই প্রায় ৫০০ গর্ত। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বৃষ্টির দিনে আরও বেশি সমস্যা হচ্ছে। সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েক দফা জানানো হয়েছে। এর পরও সড়কটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলজিইডি চাটমোহরের উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ১৯৯৯-২০০৩ অর্থবছরে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এলজিইডির প্রকল্প-৭-এর আওতায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হয়। এরপর ২০০৫ সালে ১৩ কিলোমিটার এ সড়কটি এলজিইডি থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পাবনা সওজের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্প রাজশাহী অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সড়কটির সাড়ে ছয় কিলোমিটার এলাকা মেরামতের জন্য প্রায় সাড়ে ছয় কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছি। প্রকল্পটি অনুমোদিত হলেই মেরামতের কাজ শুরু হবে।’