১৩ কিলোমিটারে খানাখন্দ, দুর্ভোগ

বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অংশের প্রায় পুরোটাই পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা। তবে সড়কটি ঈদের আগে সংস্কার করা হচ্ছে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপথ (সওজ) বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা যায়, এই আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। এর মধ্যে বাঞ্ছারামপুরের জগন্নাথপুর মোড় থেকে কালিকাপুর পর্যন্ত ১৩ কিলোমিটার। এর বেশির ভাগেই বড় বড় গর্ত তৈরি হয়েছে।
সওজের উপজেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফায়জুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য ২৩ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। তবে কার্যাদেশ হয়নি। জরুরি মেরামতের তহবিল না থাকায় ঈদের আগে সড়কটিতে কাজ করা যাবে না।
এলাকার লোকজন ও যানচালকেরা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যান চলাচল করে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার হোমনা, তিতাস, মুরাদনগর ও দেবীদ্বার উপজেলার কয়েক লাখ মানুষ এটি ব্যবহার করে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ অন্যান্য স্থানে যাতায়াত করে। ঈদে যানজট এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবেও অনেক হালকা গাড়ি সড়কটি ধরে চলাচল করছে।
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর এলাকার মাইক্রোবাসচালক হেলাল মিয়া বলেন, ‘গৌরীপুর থেকে সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের যানজটের কারণে বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়ক ব্যবহার করছি। কিন্তু বাঞ্ছারামপুরের অংশে বড় বড় গর্তের কারণে এখানেও সময় অনেক বেশি ব্যয় হচ্ছে।’
সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর মোড় থেকে ১০০ মিটার দক্ষিণে জগন্নাথপুর কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা। এর ২০০ মিটার দক্ষিণে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সামনে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। প্রতাপগঞ্জ বাজারের ভেতরে প্রায় ১০০ মিটারজুড়ে গর্ত। ব্র্যাকের কার্যালয়ের দক্ষিণ দিকে বটতলী পর্যন্ত প্রায় ৩০০ মিটারজুড়ে রাস্তার পিচ ও ম্যাকাডম উঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। তিন কিলোমিটার দক্ষিণে উজানচরে ঢোকার আগে পুরোনো কালভার্টের ওপর গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভারী যান উঠলে এটি কাঁপতে থাকে। উজানচর পূর্ব পাড়া থেকে শুরু করে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং বুধাইরকান্দি মধ্যপাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত সড়কে খানাখন্দ। সবচেয়ে বেশি খারাপ রাধানগর মাদ্রাসা মোড় থেকে সাদ্দাম বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার।